অতিরিক্ত সময়ের শেষ দিকে নাটকীয় অফসাইড সিদ্ধান্তে বেঁচে গিয়ে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ নকআউট পর্বের গোল করেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক হেড করেন বদলি খেলোয়াড় গনসালো রামোস। শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন।
বাংলাদেশ সময় আজ ভোরে টরন্টো স্টেডিয়ামে ম্যাচের ১০৩তম মিনিটে ইয়োশকো গভার্দিওল ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল করেছেন বলে মনে হয়েছিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, শটটি যাওয়ার পথে বল ইগর মাতানোভিচের গায়ে লেগে দিক বদলায়। এতে গভার্দিওল অফসাইড অবস্থানে চলে যাওয়ায় গোল বাতিল করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ক্রোয়েশিয়ার সমর্থকরা মাঠে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন।
ম্যাচ শেষে রামোস বলেন, ‘এ ধরনের ম্যাচ খুব কঠিন। জিততে না পারলে বাড়ি ফিরতে হয়। কিন্তু আমি এমন মুহূর্তই ভালোবাসি। বড় ম্যাচ খেলতে চাই, বড় মুহূর্তে থাকতে চাই।’
৫৩তম মিনিটে ইওসিপ স্তানিশিচের পাস নিয়ন্ত্রণে নিয়ে বেশ দূর থেকে জোরালো শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিশিচ।
তবে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো। রেনাতো ভেইগাকে বক্সের মধ্যে ফাউল করেন নিকোলা ভ্লাশিচ। এতে স্পটকিক থেকে গোল করে বিশ্বকাপ নকআউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পান পর্তুগাল অধিনায়ক। ৮১তম মিনিটে কোচ রোবের্তো মার্তিনেস তাকে তুলে নিলেও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রামোসের হেডে জয় নিশ্চিত হয়।
প্রথমার্ধে বলের দখল ছিল পর্তুগালেরই, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। রোনালদো শুরুতে পেদ্রো নেতোর ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন। পরে ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও কানসেলোর ক্রস কাজে লাগাতে পারেননি।
বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে ক্রোয়েশিয়া। মাতেও কোভাচিচ একবার দারুণ সুযোগ পেলেও তার শট জালে না গিয়ে সাইড নেটে লাগে। পরে ভ্লাশিচ আরেকটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। অন্যদিকে রাফায়েল লেয়াওর দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। রোনালদোও একবার বল জালে জড়ালেও সেটিও অফসাইডের কারণে বাতিল হয়।
ম্যাচটি ছিল পর্তুগালের জন্য আবেগঘন। সড়ক দুর্ঘটনায় ফরোয়ার্ড দিয়োগো জোতার মৃত্যুর এক বছর পূর্তির আগের দিন মাঠে নামে দলটি। জাতীয় সংগীতের পর স্টেডিয়ামের বড় পর্দায় জোতার ২১ নম্বর জার্সির ছবি দেখানো হয়। ম্যাচের ২১তম মিনিটে দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্মরণ করেন।
ম্যাচ শেষে আবেগাপ্লুত রোনালদো জোতার ২১ নম্বর জার্সি গায়ে তুলে নেন। পরে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এই জয় আমাদের, দিয়োগো এবং পর্তুগালের জন্য। চল এগিয়ে যাই।’
টরন্টোভিত্তিক বিশ্বকাপের শেষ ম্যাচে দুই ইউরোপীয় শক্তির লড়াইয়ে শেষ হাসি হাসল পর্তুগাল। ফলে রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন টিকে থাকলেও ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদরিচের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আগামী সোমবার ডালাসে শেষ ষোলোয় স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বা যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে।














