নটিংহ্যাম ফরেস্টের কাছে শনিবার রাতে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিল ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ হাতে রেখে সিটির চেয়ে চার পয়েন্টে পিছিয়ে পড়ে এবারের মিশন শেষ হয়ে গেল আর্সেনালের, যারা মৌসুমের বেশিরভাগ সময়ই পয়েন্ট টেবিলে কর্তৃত্ব করে এসেছে। এ মৌসুমে ২৪৮ দিন টেবিলের শীর্ষে ছিল আর্সেনাল। শিরোপা না জিতে এতদিন শীর্ষে থাকেনি কোনো দল।

 

৩৫ রাউন্ড শেষে ম্যানসিটির পয়েন্ট ৮৫, আর্সেনাল ৩৭ ম্যাচে সংগ্রহ করেছে ৮১ পয়েন্ট। বাকি এক ম্যাচে সিটিকে আর ধরা সম্ভব নয় গানারদের পক্ষে।

 

পেপ গার্দিওলা প্রিমিয়ার লিগে মাত্র চতুর্থ কোচ হিসেবে পাঁচ কিংবা ততোধিক শিরোপা জয়ের কীর্তি গড়লেন। সিটি সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবার লিগ শিরোপা জিতল। এখন তাদের সামনে ট্রেবল জয়ের সুযোগ। ৩ জুন ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনালে তারা খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ও ১০ জুন ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।


 

ইংল্যান্ডে এর আগে ট্রেবল জয়ের কীর্তি আছে শুধু ম্যানইউর। ১৯৯৮-৯৯ মৌসুমে ট্রেবল জিতেছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।

 

গত দুটি লিগ ম্যাচে চার গোল করা সিটির অধিনায়ক ইকাই গুন্দোয়ান শিরোপা নিশ্চিত হওয়ার পর বলছিলেন, ‘সন্দেহাতীতভাবেই প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। কাজেই এটি কত বড় অর্জন, সেটি বোঝাই যায়। টানা তিনবার ও ছয় বছরের মধ্যে পঞ্চমবার এই শিরোপা জেতা অবিশ্বাস্য। এই মৌসুমটি আমি কখনই ভুলব না।’