প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার বিসিবি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, নারী ফুটবল দল তার অসাধারণ পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জন দিয়ে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই অর্জনে আমাদের প্রশংসা ও সমর্থনের চিহ্ন হিসেবে বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।

তিনি আরো বলেছেন, আমার কোনো সন্দেহ নেই যে সাফ জয় ক্রীড়াবিদ, দেশের নারীদের এবং ক্রীড়া দলগুলোকে নিজ নিজ অবস্থান থেকে আন্তর্জাতিক বিজয় অর্জনের জন্য প্রবলভাবে অনুপ্রাণিত করবে।