আগামী বছরের এশিয়ান কাপ টুর্নামেন্ট সামনে রেখে থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এ ম্যাচের জন্য আজ ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পিটার বাটলারের দলে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দার মতো জ্যেষ্ঠ খেলোয়াড়রা জায়গা পেলেও রাখা হয়নি সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মিডফিল্ডার মাৎসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার কিংবা মাসুরা পারভিনকে। গত বছর সাফ জয়ের পরপর যে ১৮ জন খেলোয়াড় কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তাদের অনেককেই আর জাতীয় দলে দেখা যায়নি, হয়তো তাদের ক্যারিয়ার এখানেই শেষ। বাংলাদেশ দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর বাটলারের ওপর আস্থা বেড়েছে বাফুফের। কাজেই সাবিনাদের ফেরানোর দাবিও কেউ তুলছে না এখন।
প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় বসবে এই টুর্নামেন্টের আসর। এ আসরের জন্য আফিদা খাতুনদের নিয়ে লম্বা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে চলেছে নিবিড় অনুশীলন। দুই সপ্তাহের বেশি সময় ধরে সেখানে অনুশীলন শেষে ঢাকা ফিরে আসে বাটলারের দল। ঢাকায় ১৮ থেকে ২০ অক্টোবর তিনদিনের অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ দল ঘোষণা করেছেন বাটলার। আগামীকাল (২১ অক্টোবর) থাইল্যান্ড যাবেন ঋতুপর্ণারা। থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ অক্টোবর।
বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল। ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), রুমা আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা ও শিউলি আজিম।
মিডফিল্ডার: কোহাতি কিসকু, স্বপ্না রানী, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার।
ফরওয়ার্ড: নবীরন খাতুন, উমেলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।









