অল-অ্যারাউন্ডের পর এবার মেয়েদের ভল্ট ইভেন্টেও স্বর্ণপদক জিতলেন যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস। আজ শনিবার (৩ আগস্ট) প্যারিস অলিম্পিকে এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব দেখান ইতিহাসের অন্যতম সেরা এই জিমন্যাস্ট।

 

অল-অ্যারাউন্ডে রৌপ্যজয়ী ব্রাজিলের রেবেকা আনদ্রাদে এই ইভেন্টেও বাইলসের কাছে পরাজিত হন এবং রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকে। ব্রোঞ্জ জিতেছেন বাইলসের আমেরিকান সতীর্থ জেড ক্যারি।

 

এর আগে রিও অলিম্পিকেও ভল্টে চ্যাম্পিয়ন হন বাইলস। ইতিহাসের মাত্র দ্বিতীয় নারী হিসেবে ভল্টে দুবার স্বর্ণ জিতলেন তিনি। তিনি ছাড়া চেকোস্লোভাকিয়ার ভেরা কাসালাভস্কা দুটি অলিম্পিকে (১৯৬৪ ও ১৯৬৮) ভল্টে স্বর্ণ জয় করেন।

 

এ নিয়ে দশম অলিম্পিক পদক জিতলেন বাইলস, যা নারী জিমন্যাস্টদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া বড় আসরে এটা তার ৪০তম পদক, যা কোনো জিমন্যাস্ট হিসেবে সর্বোচ্চ।


 

চীনের পতাকা নিয়ে উল্লাস চীনের ঝেং কিনওয়েনের। ছবি: এপি


এদিকে, আজ টেনিসে নারী এককে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন চীনের ঝেং কিনওয়েন। ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে ৬-২, ৬-৩ গেমে হারান তিনি। এই প্রথম টেনিসের এককে স্বর্ণ জিতল চীন। জয় শেষে ২১ বছর বয়সী ঝেং কিনওয়েন বলেন, ‘অবিশ্বাস্য লাগছে। আমার জন্য গোটা দেশ গর্ব করবে। আমিও নিজেকে নিয়ে এখন গর্বিত।’