টানা ১৬ বছর ধরে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম ধরে রেখেছিলেন লিওনেল মেসি। প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে গত মৌসুমটা ভালো কাটেনি আর্জেন্টাইন সুপারস্টারের। ফলে ২০২১-২২ মৌসুমের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি মেসিকে। ২০০৫ সালের পর প্রথমবার এমন দৃশ্য দেখা গেল। গতকাল শুক্রবার রাতে ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল। মেসি না পেলেও জায়গা ধরে রেখেছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

এদিকে একই দিন উয়েফা বর্ষসেরার জন্য ১৫ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সেখানেও নেই মেসির নাম। ব্রাজিলিয়ান স্ট্রা্ইকার নেইমার জুনিয়রও নেই কোনোটিতে। তবে দুই খেতাবের দৌড়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমা। শিরোপা আর ব্যক্তিগত নৈপুণ্যে গত মৌসুমটা অসাধারণ কটেছে ফরাসি তারকার। তার সঙ্গে এ দৌড়ে আছেন সতীর্থ থিবো কর্তোয়া এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় অন্যান্যদের মধ্যে আরো আছেন- রবার্ট লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদ্রিচ, মোহাম্মদ সালাহ, সন হিউং মিন, হ্যারি কেইন, সাদিও মানে, ভার্জিল ভ্যান ডাইক, রুডিগার, ক্যানসেলো, ফিল ফোডেন, জসুয়া কিমিচ, হালান্ড, হালার, বার্নার্ডো সিলভা, মাহারেজ,ও এনকুনকুরা।