বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হয় গত ২৬ ডিসেম্বর। সিলেট ও চট্টগ্রাম পর্বের সবগুলো খেলা সিলেটেই অনুষ্ঠিত হয়। আজ ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা শেষ পর্ব। যদিও ঢাকা পর্বের শুরুতেই বিপত্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। যদিও গতকাল দেয়া সেই আলটিমেটামের পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পদত্যাগ করেননি ওই পরিচালক। ফলে আজ বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আজ বেলা ১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। যদিও দুটিই এখন অনিশ্চিত।
গতকাল বুধবার ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল ইসলাম। এরপর আজ দুপুর ১টায় বিপিএল ম্যাচ শুরুর আগ পর্যন্ত তাকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেন ক্রিকেটাররা। নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে অটল আছেন ক্রিকেটাররা। বিপিএলে আজ দুপুরের ম্যাচে দুই দল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যায়নি।
বিসিবির কয়েকজন পরিচালক যোগাযোগ করলেও এখনো মন গলেনি ক্রিকেটারদের। সূত্র জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে তাকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব দেয়া হয়।
বিসিবি আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কিন্তু ক্রিকেটাররা পরিচালক হিসেবে তার পদত্যাগের দাবিতে অটল আছেন। আজ বেলা ১টায় বনানীর এক হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে গতকাল দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছিল বিসিবি। সেই অনুষ্ঠান শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত। তাহলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেয়ার কথা ভাববে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’
এদিকে, ক্রিকেটারদের আলটিমেটামের পর প্রথম বিভাগ লিগও কাল গভীর রাতে স্থগিত করা হয়।









