নেপাল জাতীয় দলের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালে বিক্ষোভ ও সংঘর্ষের কারণে আজকের দ্বিতীয় ম্যাচ বাতিল হওয়ার পর যাত্রা একদিন এগিয়ে আনা হয়েছিল। নেপালে স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নেপালে সংঘাত আরো বাড়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেজন্য বাংলাদেশ ফুটবল দলেরও আজ দেশে ফেরা হচ্ছে না।
আজ দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে আজ বিকালে বলা হয়েছে, ‘নেপালে বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজকের বাংলাদেশে যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস ও অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে। স্থানীয় কর্তৃপক্ষ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে যে আমাদের দল তাদের বর্তমান অবস্থানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক দৃষ্টি রাখছি এবং এ বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ সবাইকে জানিয়ে দেয়া হবে।’
বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৩৭২ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে।’
পরিস্থিতি আঁচ করতে পেরে সোমবারই বাংলাদেশ কন্টিনজেন্টের ৩২ জনের টিকিট বদলের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বুকিং দেয় বাফুফে। আজ সকালে বিমান অফিসে টিকিট রি-শিডিউল ফি প্রদান করে ফিরতি ফ্লাইটও চূড়ান্ত করেছিল ফুটবল ফেডারেশন।
অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঢাকায় ও ১৪ অক্টোবর হংকংয়ে ম্যাচ দুটি হবে।









