এ বছর শুরুর দিকে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। সেই পারফরম্যান্সের প্রভাব পড়ে ফিফা র‍্যাংকিংয়ে। ২৪ ধাপ লাফিয়ে ১০৪ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এরপর ছন্দপতন। টানা চার ম্যাচে হেরে র‍্যাংকিংয়ে আট ধাপ অবনমন ঘটেছে পিটার বাটলারের দলের। আজ ১১ ডিসেম্বর প্রকাশিত র‍্যাংকিং অনুসারে, ১১২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

গত অক্টোবর মাসে থাইল্যান্ড সফরে গিয়ে ৩-০ ও ৫-১-এ হেরে যায় বাংলাদেশ। এছাড়া সম্প্রতি দেশের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতির সিরিজে দুটি ম্যাচেই হেরেছে তারা। মালয়েশিয়ার কাছে ০-১ ও আজারবাইজানের কাছে ১-২ গোলে হেরেছে লাল-সবুজরা।

loss

গত আগস্টে প্রকাশিত র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল ছিল বাংলাদেশ। সবচেয়ে বেশি (‍+৮০.৫১) পয়েন্ট অর্জন করা দলও ছিল তারা। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ১২.২৬ রেটিং পয়েন্ট কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ১১৬৭.৬১১।

মেয়েদের ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, দুইয়ে নারী ফুটবলের আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র। এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপান (৮ নম্বরে)। দক্ষিণ এশিয়ায় শীর্ষে ভারত (৬৭)। নেপাল ৮৯ নম্বরে।