দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। আজ প্রথম সেমিফাইনালে তিনি সরাসরি ৭-৬, (৭/৪) ৬-৩ গেমে হারান বেলারুশের অভিজ্ঞ খেলোয়াড় আজারেঙ্কাকে।



এক বেলারুশিয়ানকে হারিয়ে ফাইনালে আরেক বেলারুশিয়ানের সামনে রিবাকিনা। শনিবার ফাইনাল তিনি লড়বেন আরিনা সাবালেঙ্কার বিপক্ষে। আজ দ্বিতীয় সেমিফাইনালে পোল্যান্ডের মাগদা লিনেত্তেকে ৭-৬ (৭/১), ৬-২ গেমে হারান সাবালেঙ্কা।

 

আজারেঙ্কা ২০১২ ও ২০১৩ সালে টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন। ১০ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি। যদিও ৩৩ বছর বয়সী খেলোয়াড়টিকে শেষ চারেই থামিয়ে দিলেন রুশ বংশোদ্ভূত কাজাখ খেলোয়াড় রিবাকিনা।

 


এ নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠলেন রিবাকিনা, এখন দ্বিতীয় শিরোপা জয়েরও হাতছানি। গত বছর উইম্বলডন শিরোপা জয় করে ইতিহাস গড়েন তিনি।

 

২৩ বছর বয়সী রিবাকিনা ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন রাশিয়ার হয়ে। ২০১৮ সাল থেকে তিনি ফেডারেশন পরিবর্তন করে কাজাখস্তানের হয়ে খেলছেন। গত বছর প্রথম কাজাখ খেলোয়াড় হিসেবে জয় করেন গ্র্যান্ডস্লাম শিরোপা। এবার নামের পাশে দ্বিতীয় শিরোপা যোগ করার সুবর্ণ সুযোগ এসেছে তার সামনে।

 

জয় শেষে নিজের টিমকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘদেহী রিবাকিনা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত এবং সেই সঙ্গে আমার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেননা তাদের ছাড়া এখানে আসা কঠিন ছিল আমার জন্য। ফাইনালে উঠতে পেরে আমি সীমাহীন আনন্দিত এজন্য যে, এখানে আরো একটি ম্যাচ খেলতে পারব।’

 

তিনি আরো বলেন, ‘আমার টিমের সবাই খুবই স্নায়ুচাপে ছিল, কেননা তারা চাইছিল আমি যেন ফাইনালে উঠি। এটা আমার জন্য কঠিন ছিল, কন্ডিশনটি ছিল বৈরি। আমি খুব আক্রমণাত্বক টেনিস খেলতে পারিনি, তবে শেষ পর্যন্ত জিততে পেরে খুশি। ফাইনালে অবশ্যই নিজের সেরাটা খেলার চেষ্টা করব।'

 

ফাইনালে ওঠার মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো র্যাংকিংয়ের সেরা দশে ঢুকে পড়বেন রিবাকিনা। সোমবারই সেরা দশে দেখা যাবে তার নাম।