থাইল্যান্ডে চলমান প্রথম নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেল বাংলাদেশ।
অধিনায়ক সাবিনা খাতুন একাই করে চার গোল। এছাড়া কৃষ্ণা রানী সরকার ও নওসুন জাহান উভয়ই জোড়া গোল এবং নিলুফা ইয়াসমিন নিলা একটি গোল করেন। আসরে সর্বোচ্চ ১০ গোল করেছেন সাবিনা। দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোল করেছেন ভারতের দিতি কানুনগো। আজ ভুটান ম্যাচে সাবিনার সঙ্গে তার গোল ব্যবধান কমানোর সুযোগ রয়েছে।
সাত দলের এ আসরে পাঁচ ম্যাচ থেকে বাংলাদেশ ১৩ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত, যারা আজ ভুটানের মুখোমুখি হবে। এ ম্যাচে ভারত হারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে সাবিনা খাতুনের দলের। আর ভারত জিতলে রোববার শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শিরোপা নিশ্চিত করার সুযোগ পাবে লাল-সবুজরা।









