প্রথমবারের মতো গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে ওঠার একদিন পর চলতি ইউএস ওপেনের ফাইনালের টিকিটও পেলেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। শনিবার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি লড়বেন বেলারুশের আরিনা সাবালেঙ্কার বিপক্ষে।

 

চেক খেলোয়াড় ক্যারোলিনা মুচোভার কাছে প্রথম সেট হেরেও অবিশ্বাস্য কামব্যাকে ১-৬, ৬-৪, ৬-২ গেমের জয় তুলে নেন ৩০ বছর বয়সী পেগুলা। গ্র্যান্ডস্লামে এটাই তার প্রথম ফাইনাল।

 

মেয়েদের আরেক সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন সাবালেঙ্কা। এ নিয়ে টানা দ্বিতীয়ভার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন তিনি। গতবারের ফাইনালে আমেরিকান তারকা কোকো গাফের কাছে হেরে যান।


 

২০১৯ সালের পর দ্বিতীয় নারী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা। সর্বশেষ এই কীর্তিটা ছিল আমেরিকান গ্রেট সেরেনা উইলিয়ামসের।

 

গতবার যে অভিজ্ঞতা হয়েছে এবারও তার মুখোমুখি হতে যাচ্ছেন সাবালেঙ্কা। আমেরিকান দর্শক গলা ফাটাবেন পেগুলার পক্ষে। এটা নিশ্চিতভাবেই সাবালেঙ্কাকে চাপে রাখবে। তবে তিনি সেমিফাইনালেই সেই অভিজ্ঞতা খানিকটা টের পেয়েছেন, কেননা নাভারোও আমেরিকান।

 

এদিকে, গ্র্যান্ডস্লামে অতীতে ছয়টি কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া পেগুলা অবশেষে সেমিফাইনাল ও ফাইনালেও উঠে গেলেন।