প্রতিবারের মতো একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরও ছিল বিতর্কে ঘেরা। বিশেষ করে চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহীকে ঘিরে ছিল সবচেয়ে বেশি বিতর্ক। রাজশাহী খেলোয়াড়দের টাকা পরিশোধ করতে না পারায় অনুশীলন বয়কটের মতো ঘটনাও ঘটে। টুর্নামেন্ট শেষে সরকারের হস্তক্ষেপে দেশী ও বিদেশী খেলোয়াড়দের পারিশ্রমিকের টাকা পরিশোধ করে রাজশাহী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে নতুন ম্যানেজমেন্ট এবার ভালো কিছুর প্রতিশ্রুতি দেয়। কর্মকর্তারা বলছিলেন, এবার দল চালানোর মতো সক্ষমতা যাচাই-বাছাই করেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেয়া হবে। কিন্তু মসৃণ যাত্রা হলো না এবারো। বরং অন্য সময় মাঝপথে সংকট তৈরি হলেও এবার তা হলো শুরুতেই! বিপিএল-২০২৫ শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে মালিকানা ছেড়ে দিলেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। এক চিঠিতে তিনি বিসিবিকে বিষয়টি জানিয়েছেন।
আবদুল কাইয়ুম সরে দাঁড়ানোয় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর ও মিজানুর রহমান বাবুলকে কোচের দায়িত্ব দেয়া হয়েছে। তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।
ট্রায়াঙ্গল স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব দেয় বিসিবি। কিন্তু তারা শুরু থেকেই টালমাটাল। টাকা পরিশোধ না করায় চট্টগ্রামে নাম লেখানো বিদেশী ক্রিকেটাররা আসতে চাইছেন না। আবার বিসিবিকেও ব্যাংক গ্যারান্টির পুরো টাকা পরিশোধ করেনি তারা। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা, যদিও চট্টগ্রামের মালিক তা দেননি। বিপিএল গভর্নিং কাউন্সিলকে পাঠানো চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী পৃষ্ঠপোষক পাননি তারা। এছাড়া খেলোয়াড়দের পারিশ্রমিকও দিতে পারছেন না।
ওপেনার নাঈম শেখকে নিলামের রেকর্ড ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়ে চমক দেখায় চট্টগ্রাম রয়্যালস। যদিও তারা পরবর্তী সময়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খায়। অবশেষে মালিকানাই ছেড়ে দিলেন আবদুল কাইয়ুম।
আজ বেলা ৩টায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। সন্ধ্যা ৭.৪৫টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বেলা ১টা ও সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে।
গতবার সাতটি দল অংশ নিলেও এবার দলসংখ্যা ছয়। গতবারের চ্যাম্পিয়ন বরিশাল এবার নেই। এবারে অংশ নিচ্ছে চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস।
আজ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটানসের সঙ্গে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল মিশন সামনে রেখে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই বিপিএল আসরটা সব খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে আমার কাছে রাজশাহী দলটা বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য এটাই থাকবে কীভাবে দলকে সেরাটা দিয়ে সাহায্য করতে পারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ টুর্নামেন্টটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ভালো পারফর্ম করলে নির্বাচকদের নজরে আসার একটা সুযোগ থাকে।’
মাঠে মেহেদী হাসান মিরাজদের সামলানোর চ্যালেঞ্জ থাকবে, তেমনি গ্যালারির দর্শকরাও থাকবেন প্রতিপক্ষ। শান্ত অবশ্য এ চ্যালেঞ্জকে আলিঙ্গন করেই নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। উৎসব আছে কি নেই, সেটা খেলোয়াড় হিসেবে আমাদের খেয়াল থাকে না।’
আমাদের মূল লক্ষ্য থাকে প্রস্তুতি ঠিকমতো হচ্ছে কিনা এবং টুর্নামেন্টটা শুরু হচ্ছে কিনা। শুক্রবার থেকে খেলা শুরু হচ্ছে এবং একজন খেলোয়াড় হিসেবে আমি মাঠে নামার সুযোগ পাচ্ছি বলে খুবই রোমাঞ্চিত। দর্শকদের সমর্থনের বিপরীতে খেলাটা চাপের চেয়ে বরং আনন্দের ও উত্তেজনার। আমাদের খেলোয়াড়রা এ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দুই দলই খুব ব্যাল্যান্সড। শুক্রবার যারা ভালো খেলবে, তারাই জিতবে।’









