ঈদ নাটক নিয়ে দর্শকের আগ্রহ থাকে সবসময়। বর্তমানে ঈদের নাটক কেবল টেলিভিশনে সীমাবদ্ধ না থেকে ঠাঁই পেয়েছে ইউটিউবেও। এবারের ঈদে কয়েকটি নাটক আলোচিত হয়েছে। টেলিভিশনের পর্দার পাশাপাশি ইউটিউবেও আলোচিত হচ্ছে নাটকগুলো। এর মধ্যে রয়েছে ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব, ‘কিডনি’, ‘ফিমেল ৩’, ‘কঞ্জুস ২’, ‘স্বপ্ন বাড়ি’ ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ভিকি জাহেদের পুনর্জন্মর অন্তিম পর্ব।
ঈদের দ্বিতীয় দিন রাতে চ্যানেল আইয়ে দুই ভাগে প্রচার হয় জনপ্রিয় এ নাটকের দুই পর্ব। এ রাতেই চ্যানেল আই প্রাইমের ইউটিউব চ্যানেলে স্ট্রিম হয় এর বড় একটি ভার্সন। পুনর্জন্মর অন্তিম পর্ব সেখানে দেখেছে ৬০ লাখের বেশি দর্শক। এতে দর্শকের মন্তব্য রয়েছে প্রায় ১৬ হাজার। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত পুনর্জন্মর অন্তিম পর্ব দেখে মুগ্ধ দর্শক। বেশির ভাগ দর্শকই নাটকটি দেখে ঘোরের মধ্যে পড়েছে। গল্পের মধ্যে গল্প, একের পর এক টুইস্ট। শুধু ভিউয়ের রেকর্ডই নয়, ইউটিউব ট্রেন্ডিংয়েও নাটকটি এখন তালিকার ওপরের দিকে। ভিকি জাহেদ নির্মিত এ নাটকে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এছাড়া ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজ, সেন্টু, খায়রুল বাসারসহ আগে যাদের দেখেছে দর্শক, এ পর্বে সবাইকে পাবে।
অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে আছে কাজল আরেফিন অমি পরিচালিত দুই নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। গত ঈদে ‘বিদেশ’ বানিয়ে প্রশংসা পেয়েছিলেন অমি। অবৈধ পথে বিদেশ যাওয়ার কুফল তুলে এনে তিনি দর্শকদের কাঁদিয়েছেন। এবার কিডনিতে ভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করলেন। নাম কিডনি হলেও ভরপুর কমেডি রয়েছে। গ্রামের অতি সহজ-সরল মানুষদের ভুল বুঝিয়ে একটি চক্র কিডনি কেনাবেচা করে। সেসব সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে কিডনি। ঈদের দিন টিভিতে নাটকটি প্রচারের পর রাতেই প্রকাশ হয়েছিল ইউটিউবে। এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৭০ লাখ বার। নাটকটি দেখে মন্তব্য এসেছে ১০ হাজারের বেশি। নাটকে অভিনয় করেছেন পলাশ, শিমুল, চাষী, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, পারসা ইভানাসহ অনেকে।
অন্যদিকে ঢাকার নাখালপাড়ার ব্যাটারির গলির গল্পে নাটক ফিমেল ৩ টিভিতে প্রচারের পর ইউটিউবে দেয়া হয়। এর ভিউয়ার ৭৫ লাখের পথে। কাজল আরেফিন অমি বলেন, ‘মানুষের এ রেসপন্সের জন্যই কাজ করি। তারা আমার কাজগুলো এভাবে গ্রহণ করে, এতে আমি নতুন করে এনার্জি পাই। দর্শকরা আমার কাজগুলো পছন্দ করেছে, এ কৃতিত্ব আমার টিমের সবার।’
গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবারের ঈদ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’। এটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। এবারের ঈদে আলোচিত নাটকগুলোর মধ্যে এটি অন্যতম। নাটকটি নিয়ে প্রীতম বলেন, ‘বান্নাহ ভাই কনসেপ্ট শেয়ার করার পরই গল্পটি আমার ভালো লাগে। আমি তো সবসময় নাটকে অভিনয় করি না, কিন্তু অবসরপ্রাপ্ত সন্ত্রাসী নাটকের গল্প শুনে মনে হয়, কাজটি করতে হবে। পরে আমরা একসঙ্গে কনসেপ্ট ডেভেলপ করি। প্রচণ্ড গরমের মধ্যে আমরা এ নাটকের শুটিং করেছি। নাটকটিতে অভিনয়ের জন্য শরীরে ট্যাটু আঁকতে হয়েছে। সোমবার রাতে নাটকটি ইউটিউবে প্রকাশের পরই এর ভিউয়ার্স বাড়তে থাকে। এতে আরো অভিনয় করছেন মাখনুন মাহিমা, সুমন আনোয়ার প্রমুখ।’
মহিদুল মহিমের পরিচালিত নাটক ‘কঞ্জুস ২’ এবারের ঈদে আলোচিত নাটকগুলোর মধ্যে একটি। ৫৫ মিনিটের নাটকটি সরকার মিডিয়ায় প্রকাশ হয়েছে একদিন আগে। এতে অভিনয় করেছেন মুশফিক, ফারহান ও তানজিন তিশা। এটি দেখা হয়েছে প্রায় ৫০ লাখ বার।
তুহিন হোসেনের পরিচালনায় ঈদের ধারাবাহিক নাটক ‘স্বপ্ন বাড়ি’ দর্শক মহলেও প্রশংসিত হয়েছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তানজিকা, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, শামীমা নাজনীন ও আরো অনেকে। সাত পর্বের ধারাবাহিক নাটক ‘স্বপ্ন বাড়ি’ বাংলাভিশনে প্রচার হয়েছে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত।
টিভি নাটকের জনপ্রিয় পরিচালক সাগর জাহান এর আগে সাত পর্বের ধারাবাহিক ‘টিক্কা’ নির্মাণ করে বেশ সাড়া পেয়েছিলেন। দর্শক মহলে নাটকটি বিশেষ আগ্রহ তৈরি করেছিল। যার পথ ধরে এবার তিনি নিয়ে আসেন এর সিকুয়াল ‘টিক্কা রিটার্নস’। ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশন ও ইউটিউবে প্রচারিত সাত পর্বের ধারাবাহিকটির মূল আকর্ষণ মারজুক রাসেল।
অন্যদিকে ঈদে জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলুর নাটক নিয়ে দর্শকদের আগ্রহের কমতি থাকে না। ঈদের জন্য লাভলু নির্মাণ করেছেন দুটি নাটক, মামুনুর রশীদের রচনায় ‘কাক জোছনা’ ও কাজী শাহেদুল ইসলামের ‘কার বিয়ে কে করে’। দুটি নাটকই ঈদের ছুটিতে দর্শকের মনে স্থান করে নিয়েছে। কার বিয়ে কে করে নাটকের জব্বার চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু। তার বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন মিতিল।










