একের পর এক ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্লাটফর্মগুলো। দর্শকের কথা মাথায় রেখেই ভিন্নধর্মী কাজে মন দিচ্ছে তারা। দেশের তারকারাও ব্যস্ত ওয়েব সিরিজে। তারকাবহুল ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’ রয়েছে স্ট্রিমিংয়ের অপেক্ষায়। ১৭ আগস্ট থেকে হইচইয়ের পর্দায় দেখা যাবে ইয়াসির আল হক পরিচালিত ও আফরান নিশো অভিনীত ওয়েব সিরিজ সাড়ে ষোলো। সিরিজটির প্রচারের অংশ হিসেবে এরই মধ্য ট্রেলার প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছয় পর্বের ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ পেতেই প্রশংসা পায় দর্শকের।
পরিচালক ইয়াসির আল হকের প্রথম ওয়েব সিরিজ সাড়ে ষোলোয় আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। রেজার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাওয়ার আগের রাতে তার জীবন একটি জটিল মোড় নেয়। এ সিরিজে ‘রেজা’ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। এ সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এডিসি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী, পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ ও রেজার স্ত্রী আয়েশার চরিত্রে কাজী নওশাবা আহমেদ।
ট্রেলার নিয়ে দর্শকের প্রতিক্রিয়া সম্পর্কে পরিচালক ইয়াসির আল হক বলেন, ‘যেহেতু ট্রেলারটি গল্পের মুহূর্তগুলোর একটি কোলাজ মাত্র, তাই সাড়ে ষোলোর আসল ঝলক দেখতে আপনাদের ১৭ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি দর্শককে বলতে চাই, সিরিজটি দেখার সময় দয়া করে কেউ তাড়াহুড়ো করবেন না এবং শেষ পর্যন্ত দেখুন। আমি আত্মবিশ্বাসী যে আপনারা সিরিজটির প্রশংসা করবেন।’
সাড়ে ষোলো সিরিজটি ভায়োলেট ইন হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত। পাঁচ তারকা হোটেলে কেবল সমাজের শক্তিধর ও অভিজাত শ্রেণীর লোকেরাই যেতে পারে। তবে এ হোটেলের বিলাসবহুল পর্দার পেছনে রয়েছে গোপন রহস্য আর অমীমাংসিত কিছু ঘটনা। এসব নিয়ে এগিয়ে যাবে সিরিজের গল্প। ট্রেলারের পাশাপাশি এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিরিজের চরিত্রগুলোর লুক। যেখানে বেশ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তারকাদের। বিশেষ করে আফরান নিশোকে দেখা গেছে একেবারেই নতুন লুকে। আফরান নিশো বলেন, ‘রেজা একজন বুদ্ধিমান ও সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। চরিত্রটি আমাকে খুব আকর্ষণ করেছে। আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকের কী প্রতিক্রিয়া হয়, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সিরিজটি নিয়ে অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘আপাতদৃষ্টিতে খুব সাধারণ চরিত্র মনে হলেও রাকিব চরিত্রে অভিনয়ের জন্য আমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে অভিনয় করতে হয়েছে। আমি পরিচালক ইয়াসির আল হকের সঙ্গে কাজ করে সত্যি আনন্দিত এবং সাড়ে ষোলো টিমকে সিরিজটির জন্য শুভকামনা। আমি আত্মবিশ্বাসী যে দর্শক সিরিজটিকে ততটাই পছন্দ করবেন, ঠিক যতটা আমি এর অংশ হতে পেরে আনন্দিত বোধ করেছি।’
রিনি চরিত্র নিয়ে জানতে চাইলে জাকিয়া বারী মম বলেন, ‘রিনি এ শহরের নাম করা টিভি জার্নালিস্ট, যেকোনো সময় তার হেড অব নিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের সব পাওয়ারফুল লোকজনের সঙ্গে তার ওঠাবসা। ভায়োলেট ইনে তার নিয়মিত আশা-যাওয়া। কিন্তু ওই রাতে ভায়োলেট ইনের সাড়ে ষোলো তলায় রিনি কেন এসেছিল তা জানতে অপেক্ষা করতে হবে ১৭ আগস্ট পর্যন্ত।’
এ সিরিজের মধ্য দিয়ে নিশো ও বর্ষণকে দেখা যাবে একসঙ্গে আরো একবার। এর আগে হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজে ‘কাইজার’-এ একসঙ্গে দেখা গিয়েছিল এ দুই তারকাকে। কাইজারে বর্ষণ ব্যারিস্টার চরিত্রে ছিলেন আর নিশো পুলিশ অফিসার। আর সাড়ে ষোলো সিরিজে ঠিক তার উল্টো। ইমতিয়াজ বর্ষণ আলতাফ সাড়ে ষোলোয় তার চরিত্র নিয়ে বলেন, ‘আমার চরিত্রের নাম এডিসি আলতাফ, একজন পুলিশ কর্মকর্তা। অনেক দিন পর বান্ধবীর আমন্ত্রণে ভায়োলেট ইনে তার আগমন। ভায়োলেট ইনের সাড়ে ষোলো তলায় যে ঘটনার জট পেকেছে এবং তার জন্য শহরজুড়ে যে হইচই হবে তা কতখানি ঠেকাতে পারবে আলতাফ, এটি দেখতে আপনাদের অপেক্ষা করতে হবে ১৭ আগস্ট পর্যন্ত। এর বেশি এখন আর না বলি।’
গত ১২-২৬ জুন আসন্ন সিরিজটির শুটিং হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এবার দেখার পালা সিরিজের চরিত্রগুলো ভায়োলেট ইন হোটেলের রহস্যময় ফ্লোর ‘সাড়ে ষোলো’র কুয়াশা কতটা কাটাতে পারে।










