বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে কাজ হচ্ছে। সংবাদমাধ্যমে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ করা যাচ্ছে। এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠক দিয়ে সংবাদ উপস্থাপন করাল বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’। আর এর নাম রাখা হয়েছে অপরাজিতা। বুধবার চ্যানেল ২৪-এর সন্ধ্যা ৭টার বুলেটিনে চমক দিয়ে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করে ‘‌অপরাজিতা’।

এ নিয়ে চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন বণিক বার্তাকে বলেন, ‘‌কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি নিয়ে আমরা এক মাসের বেশি সময় ধরে কাজ করছিলাম। আমরা নিয়মিত ট্রায়াল দিয়ে গেছি। তার উন্নতিতে আরো কাজ চলছে। ফেসিয়াল এক্সপ্রেশন, ভয়েস, লাইট এসব নানা বিষয় আরো ডেভেলপ করতে আমরা কাজ করছি।’

কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম অপরাজিতা কেন, এমনটা জানতে চাইলে তালাত মামুন বলেন, ‘আমাদের দেশে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠক হিসেবে এটা যাত্রা করল, তাই এমন নাম রাখা হয়েছে।’

সংবাদ উপস্থাপক অপরাজিতা এরই মধ্যে নেট দুনিয়ায় আলোচিত।  তবে কি এখন চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদে অপরাজিতাকে দেখা যাবে, এমন প্রশ্নের জবাবে তালাত মামুন বলেন, ‘‌প্রতিদিন সংবাদ উপস্থাপনায় অপরাজিতা থাকবে না। তবে প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠান ‘‌‘‌কন্ট্রোল এ’’ দিয়ে আমরা শুরু করছি। এরই সঙ্গে আমরা একে আরো ডেভেলপ করা চালিয়ে যাব। ভবিষ্যতে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উপস্থাপক সংখ্যা বাড়ানো হবে। তাদের উপস্থাপনার সংখ্যাও বাড়বে।’