নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা গোছানোর পরিকল্পনা করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘যাতায়াত’
নামে একটি স্টার্টআপ চালু করছেন তিনি। নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে বণিক বার্তাকে এমনটাই জানালেন এ সুন্দরী। তিনি বলেন, ‘টিভি নাটকের পাশাপাশি আমি ব্যবসাকেন্দ্রিক কিছু পরিকল্পনা করেছি। আমার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে যাতায়াত নামের একটি স্টার্টআপ চালু করেছি। যাতায়াত নিয়ে আমার স্বপ্ন আছে। চলতি বছরের শুরুর দিকেই এটা দাঁড় করাতে চাই। আমি এ কোম্পানির পেছনে থাকব। পাশাপাশি মিডিয়ায় কাজ করব। এছাড়া কিছু কাজ শিখবও।’
আজ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বছরের প্রথম টেলিফিল্ম ‘আমি কিন্তু শিল্পী’। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। টেলিফিল্মটি রচনা করেছেন রাজীব মণি দাস। পরিচালনায় মীর সাখাওয়াত। টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বণিক বার্তাকে বলেন, ‘এটা একটা ভালোবাসার টানাপড়েনের গল্প। এখানে গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। মেয়েটির প্রেমিক বাইরে থাকতেন। বহুদিন পর তিনি দেশে ফিরে আসেন এবং গ্রামে যান। কিছুদিন পর জীবিকার তাগিদে ঢাকা শহরে যান। শহরে কিছু গানের মঞ্চে গান করেন। পরবর্তী সময়ে গ্রামে ফিরে যাওয়ার পর চিন্তিত হয়ে পড়েন তিনি। তখন প্রেমিকার সঙ্গে মানিয়ে নিতে পারেন না। এ থেকে তাদের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়। কিন্তু পরে বুঝতে পারেন চেঞ্জ হয়ে যাওয়া ঠিক না। ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষই থাকে।’
বর্তমানে ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘রূপকথা নয়’
নামে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন মৌসুমী হামিদ। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ওয়েব সিরিজে তাকে করপোরেট নারীর চরিত্রে দেখা যাবে। এটা একটা করপোরেট ওয়ার্ল্ডের গল্প। এতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জান্নাতুল সুমাইয়া হিমি, সাইফ বাবু প্রমুখ।
ভক্তদের আগ্রহ থাকে পছন্দের তারকার বিয়ে নিয়ে। আর তাই জানতে চাওয়া হয় মৌসুমী হামিদের বিয়ে নিয়ে পরিকল্পনা কী? তিনি বলেন, ‘কবে বিয়ে করছি এ ব্যাপারে আমি নিজেই জানি না। পছন্দের কেউ নেই। পছন্দ অনেককেই হয়, কিন্তু চাইলেই কি বিয়ে করা যায়? বিয়ে একটা কমপ্লিকেটেড সিদ্ধান্ত। একবার এ সিদ্ধান্তে ভুল হলে জীবন ক্ষতিগ্রস্ত হবে। বিয়েতে আমার ভয় লাগে। বিয়ে পর্যন্ত কিছু গড়ানোর আগেই আমি পালাতে চাই।’










