ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে আলোচনা তৈরি করেছিল সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’। সিনেমায় অভিনয় করেছেন নিরব হোসেন ও শবনম বুবলী। এ সিনেমায় ভিন্ন লুকের কারণে মুক্তির আগে থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছিলেন নিরব। ঈদের দিন মুক্তির পর থেকেই দর্শক টানছে সিনেমাটি। মুক্তির আগে থেকেই সিনেমাটির প্রচারে ব্যস্ত ছিলেন নিরব ও বুবলী। মুক্তির পরেও সিনেমা প্রচারে ব্যস্ত তারা। মুক্তির পর হল ঘুরে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখবেন নিরব ও বুবলী, এমনটাই পরিকল্পনা ছিল। তবে সিনেমা মুক্তির তিনদিন পার হয়ে গেলেও এখনো দর্শকের সঙ্গে সিনেমা দেখতে পারছেন না নিরব। ঢাকাই সিনেমার এ নায়ক জানান, জ্বরের কারণে ইচ্ছা থাকলেও দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করতে পারছেন না তিনি।
এ নিয়ে নিরব বলেন, ‘ইচ্ছা ছিল দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখব। কিন্তু জ্বরের কারণে এখনো সেটা সম্ভব হয়নি। পরিকল্পনা করা হলেও শেষ মুহূর্তে জ্বর নিয়ে হলে গিয়ে সিনেমা দেখা হলো না। ঘরে বসেই এখন ক্যাসিনোর খবর নিচ্ছি। ইচ্ছা আছে সুস্থ হয়ে শিগগির দর্শকের সঙ্গে সিনেমাটা দেখব।’ তবে সিনেমার দর্শক প্রতিক্রিয়ায় খুশি নিরব। সিনেমাটি দেখতে আসা দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ঈদের দিন বসুন্ধরায় বিকালের শো শেষ হওয়ার আগে সেখানে যান নিবর। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। এ বিষয়ে জানতে চাইলে নিরব বলেন, ‘ঈদের আগের দিন থেকেই শরীরটা জ্বর জ্বর লাগছিল। আমি ভেবেছিলাম ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে। এ ভাবনা নিয়েই আমি ঈদের দিন বিকালের শোতে বসুন্ধরায় গেলাম। তবে আমি সেখানে ১০ মিনিট থাকতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। জ্বর বাড়তে শুরু করে। তাই তাড়াতাড়ি বাসায় ফিরে আসি। এসেই আবার জ্বর। এখনো জ্বর কমেনি, সঙ্গে কাশি।’
ক্যাসিনোয় গোয়েন্দা সংস্থার সদস্যের চরিত্রে অভিনয় করেছেন নিরব। সিনেমাটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শুটিং শেষ করার পর পরই ক্যাসিনো মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কভিডসহ আরো কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেয়া যায়নি। এখন সিনেমাটি মুক্তি পেল। ক্যাসিনোর গল্পটা ভালো, আমরাও নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি, দর্শকও সিনেমাটি দেখতে আসছে।’
২০১৯ সালে নিরব ও বুবলীর ক্যাসিনো সিনেমাটির শুটিং শুরু হয়, শেষ হয়েছিল ২০২০ সালে। করোনাভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়ে ২০২০-২১ পর্যন্ত। এ সময় স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখেই দীর্ঘদিন বন্ধ ছিল সারা বিশ্বের প্রেক্ষাগৃহ। আমাদের দেশেও সে ধারা বজায় ছিল। এতে অনেক সিনেমার মুক্তিতে বিঘ্ন ঘটে। এ তালিকায় ছিল সৈকত নাসিরের সিনেমা ক্যাসিনো। নির্মাণের তিন বছর পর ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই হলে দর্শক টানছে সিনেমাটি।
ক্যাসিনো সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজিব সারওয়ার।










