হলিউডের পরিচিত প্রতিষ্ঠান ডিজনি এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত মার্ভেলের সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে ঝড় এখনো থামেনি বক্স অফিসে। তবে এর মধ্যেই নতুন এক ডজনের বেশি সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করল প্রতিষ্ঠানটি। তার মধ্যে ১১টি নামহীন প্রকল্পও আছে, যা মুক্তি পাবে ২০২৭ সালে।
মুক্তি পেতে যাওয়া মাত্র দুটির ব্যাপারে স্পষ্ট ধারণা দেয়া হয়েছে। প্রথম সিনেমার নাম অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স, যা মুক্তি পাবে ২০২৭ সালের ২৭ মে। অন্যদিকে দ্বিতীয় সিনেমা স্টার ওয়ার্স মুক্তি পাবে ২০২৭ সালের ১৭ ডিসেম্বর। মুক্তির তালিকায় যুক্ত হয়েছে আরো কিছু প্রজেক্ট। একই বছরের ২৩ জুলাই ও ৫ নভেম্বর মার্ভেলের দুটি সিনেমা মুক্তি পাবে; যেগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি। ডিজনি থেকে পিক্সারের ব্যানারে নামহীন আরেকটি সিনেমা মুক্তি পাবে ১৮ জুন। ২৪ নভেম্বর মুক্তি পাবে একটি অ্যানিমেটেড ফিল্ম। ডিজনির ঘোষণায় জানানো হয়েছে, ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি, ৫ মার্চ, ২ এপ্রিল, ২৮ মে, ৬ আগস্ট, ১৭ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর মুক্তি পাবে সিনেমা। তবে কোনো সিনেমারই নাম প্রকাশ করা হয়নি। ডিজনি বর্তমানে ব্যস্ত সময় পার করছে ‘আ রিয়াল পেইন’ সিনেমা নিয়ে। জেসি আইজেনবার্গের পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। ২০২৫ সালের ৭ মার্চ একটি ডিজনি ও ২০২৬ সালের ২৪ জুলাই মার্ভেলের সিনেমা মুক্তি পাওয়ার কথা আছে।
ডিজনি আনুষ্ঠানিকভাবে ফ্যান্টাস্টিক ফোর: দ্য ফার্স্ট স্টেপস মুক্তির ব্যাপারেও বলেছে সান দিয়েগোয় আয়োজিত এক অনুষ্ঠানে। আগামী বছরের ২৫ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স: ডুমসডে। ডিজনি চলতি বছরে ভালো সফলতা প্রমাণ করতে পেরেছে। তাদের ডেডপুল ও উলভারিন বক্স অফিসে সাড়া ফেলেছে এর মধ্যেই।
ওয়াল্ট ডিজনি স্টুডিওর অধীনে বেশকিছু বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। অধিকাংশ সিনেমাই এসব প্রতিষ্ঠানের ব্যানারে প্রেক্ষাগৃহ ও স্ট্রিমিং প্লাটফর্মে আসে। ২০১৯ সালে প্রকাশিত হিসাব অনুসারে, বৈশ্বিক বক্স অফিস থেকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ১ হাজার ৩২০ কোটি ডলার। সর্বকালের ব্যবসাসফল ১০টি সিনেমার আটটিই নির্মাণ হয়েছে ডিজনির অধীনে।
সূত্র ও ছবি: হলিউড রিপোর্টার











