বিশ্বব্যাপী আগামীকাল মুক্তি পাচ্ছে ‘ডিগার’। অভিনয় করেছেন টম ক্রুজ ও রিজ আহমেদ। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন আলেহান্দ্রো জি ইনারিতু। এই সিনেমায় অন্যরকম এক চমক হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ। ইতোমধ্যে সিনেমার ট্রেলার দেখে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। বাংলাদেশের দর্শকরাও উচ্ছ্বসিত হতেই পারেন। কেননা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ডিগার’। সঙ্গে থাকছে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাটি।
ডিগার
ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় টম ক্রুজকে দেখে চিনতে পারবেন না অনেকেই। চেনার কথাও নয়। কারণ টম ক্রুজের কথা ভাবতেই চোখের সামনে যে ছবিটা আসে তার সাথে এর কোন মিল নেই। কিন্তু এবার সম্পূর্ণ নতুন এক চেহারায় পর্দায় আসছেন তিনি। নতুন সিনেমা ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা রীতিমত বিস্মিত তার এই রূপান্তর দেখে। সিনেমাটি পরিচালনা করেছেন দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো চলচ্চিত্র নির্মাণের পর তিনি এবার নিয়ে এসেছেন এক ব্ল্যাক কমেডি।
রেসিডেন্ট ইভিল
হরর সিনেমা ঘরানায় আলোচিত নাম ‘রেসিডেন্ট ইভিল’। জাপানি প্রোডাকশন হাউজ ক্যাপকমের একই নামের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ প্রায় দুই যুগ আগে ফ্র্যাঞ্চাইজিটি শুরু হয় হলিউডে। ২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি। মিলা জোভোভিচকে নিয়ে প্রথম সিনেমাটি নির্মাণ করেন পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন। পরবর্তী সময়ে যা সাতটি সিনেমার একটি সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে। ২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু রাকুন সিটি’ নামে রিবুট করে সনি পিকচার্স। পাঁচ বছর পর আবার দর্শকদের সামনে আসছে সিরিজের নতুন সিনেমা। নাম ‘রেসিডেন্ট ইভিল’। এটি দ্বিতীয় রিবুট এবং সামগ্রিক সিরিজের অষ্টম সিনেমা।
জ্যাক ক্রেগার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টারসহ অনেকে। এবারের সিনেমাটি নিয়ে বেশ আলোচনা রয়েছে। এটি আগের রেসিডেন্ট ইভিল সিনেমাগুলোর সরাসরি সিক্যুয়েল নয়; বরং ভিডিও গেমের আবহ ও সারভাইভাল হরর ধারণাকে নতুনভাবে তুলে ধরা একটি রিবুট।










