সুপারহিরো সিনেমার জগতে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। জ্যাক স্নাইডারকে এ কথা যত দীর্ঘ সময় ধরে শুনতে হয়েছে, এমন অভিজ্ঞতা সম্ভবত খুব কম চলচ্চিত্র নির্মাতারই আছে। তার ব্যাটম্যান নেই, সুপারম্যানের অধ্যায়ও বন্ধ হয়ে গেছে। একসময় যে স্টুডিও তাকে ডিসি ইউনিভার্সের চাবিকাঠি তুলে দিয়েছিল, সেটিও এখন জেমস গান ও পিটার সাফরানের নেতৃত্বে। তাদের প্রথম কাজই ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ নির্মাণ করা, যেখানে স্নাইডারের জায়গা নেই। তবু হাল ছাড়েননি তিনি। বরং বারবার স্নাইডার ফ্র্যাঙ্ক মিলারের ক্ল্যাসিক গ্র্যাফিক নভেল ‘দ্য ডার্ক নাইট রিটার্নস’ বড় পর্দায় আনতে চেয়েছেন।
নিজের আসন্ন ‘দ্য লাস্ট ফটোগ্রাফ’-এর প্রচারে সম্প্রতি ভ্যারাইটিকে এক সাক্ষাৎকার দিয়েছেন স্নাইডার। আবারো বহু বছর ধরে বলে আসা সে পরিকল্পনার কথা তুলে ধরেছেন। ১৯৮৬ সালে প্রকাশিত মিলারের অন্ধকারাচ্ছন্ন এ কাহিনীতে বয়স্ক ব্যাটম্যান অবসর থেকে ফিরে আসে এক ডিস্টোপিয়ান গথামে। বহুদিন ধরেই এ গল্প চলচ্চিত্রে রূপ দেয়ার ইচ্ছার কথা জানিয়ে আসছেন স্নাইডার।
স্নাইডার বলেন, ‘ডিসির বাইরে কেউ যদি চায়, আমি সিনেমাটা বানাতে চাই। উপন্যাসটা এমন যে সিনেমায় আমি ডার্ক নাইট ও ওয়াচমেন পাশাপাশি রাখতে পারব। আমার মতে, এ দুই বিষয় মিলে সুপারহিরো কমিকবুকে একটি চক্র পূরণ করে।’
স্নাইডারের মতে, এখন সিনেমা নির্মাণ করলে এ বইগুলোর বাইরে করার মতো বেশি কিছু নেই। সুপারহিরো সিনেমার যুগের শুরুতে এসেছিল ওয়াচমেন। তাই এখন ডার্ক নাইট রিটার্নসকে আনতে হবে। তিনি বলেন, ‘আমরা সুপারহিরো সিনেমার ঘরানার অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমার মনে হয়, দর্শকও বুঝতে পারবে কেন এখন এ গল্প বলা প্রয়োজন।’
কিন্তু তার এ স্বপ্ন পূরণ করা কঠিন। কেননা ডিসির হাতে ব্যাটম্যান নিয়ে পরিকল্পনা আছে। এদিকে রবার্ট প্যাটিনসনকে নিয়ে পরিণত ব্যাটম্যানের একটি ফিল্ম সিরিজ করা হচ্ছে। এর দ্বিতীয় পর্ব আসন্ন। ম্যাট রিভসের এ সিনেমা বাদেও ‘দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড’-এ থাকছে আরেক ব্যাটম্যান, পরিচালক অ্যান্ডি মুশিয়েত্তি।
তাহলে তৃতীয় এক ব্যাটম্যান কি বাড়াবাড়ি হয়ে যাবে? বিশেষ করে এমন এক সময়ে, যখন মাল্টিভার্সের কারণে একই চরিত্রের একাধিক সংস্করণ পর্দায় হাজির হওয়া এখন আর অস্বাভাবিক নয়?
তবে সিনেমার দুনিয়ায় এর চেয়েও অদ্ভুত ঘটনা ঘটেছে। একসময় কেউই ভাবেনি, জ্যাক স্নাইডারের ৪ ঘণ্টার Justice League সংস্করণ কখনো মুক্তি পাবে। কিন্তু ‘রিলিজ দ্য স্নাইডার কাট’ আন্দোলন শেষ পর্যন্ত ভক্তদের শক্তির অন্যতম আলোচিত উদাহরণ হয়ে ওঠে।
এদিকে আবার প্যারামাউন্ট স্কাইড্যান্স ও ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণ একটি সম্ভাবনা তৈরি করছে। বলা হচ্ছে প্যারামাউন্টের প্রধান ডেভিড এলিসন জেমস গানের চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হলে স্নাইডারকে আবার ফিরিয়ে আনতে পারেন। তবে আপাতত স্নাইডার তার চেষ্টা চালিয়ে যাবেন। তার ভক্তরাও আছেন তার সঙ্গে।
সূত্র: দ্য গার্ডিয়ান










