ছোটপর্দায় জুটি হিসেবে দর্শকের কাছে পরিচিত মুখ আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তারা। ভিন্ন ধরনের গল্পে জুটি হিসেবে তাদের অভিনয়ও দর্শকের নজর কেড়েছে। এবার নতুন গল্পের নাটক ‘মায়ারে’ নিয়ে হাজির হচ্ছেন এ দুই অভিনয়শিল্পী। কাজী বাহাদুর হিমুর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি ইউটিউবে প্রকাশ হয়েছে। নাটকটির রচনা ও সংলাপ লিখেছেন নাজ নাজমা।
সাম্প্রতিক সময়ে আরশ অভিনীত বেশ কয়েকটি নাটক প্রকাশ পেয়েছে। এর মধ্যে ‘দাদি ভয়ংকর’ নাটকটি প্রচারে আসার পর ভালো সাড়া পেয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘বউ পালানোর পরে’ও। এবার ‘মায়ারে’ নিয়েও আশাবাদী এ অভিনেতা। আরশ খান বলেন, ‘এরই মধ্যে আমার অভিনীত ‘দাদি ভয়ংকর’ নাটকটি প্রচারে এসেছে। বেশ ভালো সাড়া পেয়েছি। এছাড়া ‘বউ পালানোর পরে’ও প্রকাশ পেয়েছে। এটাও দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। ‘মায়ারে’ নাটকটি নিয়েও আমি আশাবাদী। কারণ গল্পটা খুব সুন্দর।’
নতুন নাটকে নিজের চরিত্র নিয়েও উচ্ছ্বসিত সুনেরাহ। শুটিংয়ের সময় চরিত্রটি উপভোগ করেছেন বলে জানান তিনি। সুনেরাহ বলেন, ‘মায়ারে নাটকে আমার চরিত্রটি খুব সুন্দর। আমি আমার চরিত্রটি ভীষণ উপভোগ করেছি শুটিংয়ের সময়টাতে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’
আরশ ও সুনেরাহ এর আগে ‘তুমি আমি আমি তুমি’, ‘ছুঁয়ে দেখা স্পন্দন’, ‘প্রজাপতি মন’, ‘বিরতির পরে’, ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’, ‘তোমার পাশেই রেখো’ ও ‘ছোট ছেলে’সহ বেশ কয়েকটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন।










