এক দশকেরও বেশি সময় পর আবারো বিলবোর্ড টু হানড্রেড অ্যালবাম তালিকার মাইলি সাইরাস। সর্বশেষ অ্যালবাম বেয়স পারস্যুডস দিয়ে এ কৃতিত্ব অর্জন করেছেন মার্কিন এ গায়িকা।

এ পর্বে নিজের নামের সঙ্গে কোনো পদবি ব্যবহার না করে শুধু ‘মাইলি’ নামেই কাজ করছেন তিনি। ৬১ হাজার অ্যালবাম ইউনিটের সমপরিমাণ বিক্রির মাধ্যমে তালিকার শীর্ষে এসেছেন। তবে শীর্ষস্থান নিয়ে লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। মাত্র সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে এলা ল্যাংলির ড্যান্ডেলিয়ন। বিলবোর্ডের হিসাবে এটির বিক্রির পরিমাণ প্রায় ৬১ হাজার ইউনিট। ৬০ হাজার ইউনিট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাইলি গ্রিনের দ্যাটস জাস্ট মি।

এদিকে বিলবোর্ড হট হান্ড্রেডের শীর্ষস্থান ধরে রেখেছে এলা ল্যাংলির চুজিন টেক্সাস। গানটি টানা ২৪তম সপ্তাহের মতো এক নম্বরে রয়েছে। এর এক সপ্তাহ আগেই গানটি মারায়া ক্যারির অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউয়ের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি সময় চার্টের শীর্ষে থাকার রেকর্ড করে।

এদিকে বেয়স পারস্যুডস মাইলির ষষ্ঠ অ্যালবাম হিসেবে তালিকার শীর্ষে উঠেছে। এর আগে ২০১৩ সালে ব্যাঙ্গারজ দিয়ে এ চার্টের এক নম্বরে উঠেছিলেন। একই সঙ্গে এটি বিলবোর্ড ২০০-র শীর্ষ দশে জায়গা করে নেয়া মাইলির ১৬তম অ্যালবাম।

অ্যালবাম প্রকাশের কয়েক সপ্তাহ আগে সেপ্টেম্বরের শুরুতে বেয়স পারস্যুডস গানের ঘোষণা দিয়েছিলেন মাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘সংগীত আমাদের দখল করে নেয়। আমরা তা অনুভব করি, গাই, কখনো নাচি, নিজেদের ভেতর থেকে বের করে দিই এবং এগিয়ে যাই। এটি শক্তিশালী, ভঙ্গুর, মিষ্টি ও দৃঢ়। হৃদয়ভরা আনন্দ, হৃদয়ভাঙা বেদনা—জীবনের মাঝখানে থাকা প্রতিটি অনুভূতি। আমার কাছে শিরোনামটির অর্থ এটাই। আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোকে সত্যি করে তোলার এ যাত্রার অংশ হওয়ার জন্য ধন্যবাদ। সত্যিই আশা করি, অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।’

এরপর অ্যালবামের শিরোনাম গান ও মিউজিক ভিডিওটি প্রথম একক হিসেবে প্রকাশ করেন মাইলি। ১৮ সেপ্টেম্বর প্রকাশ হয় পুরো অ্যালবাম। আগামী মাসে দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে ফিরছেন এ গায়িকা। লস অ্যাঞ্জেলেসের হলিউড বোলে ১৬ ও ১৮ অক্টোবর পরপর দুই রাত পারফর্ম করবেন তিনি।

সূত্র: ভ্যারাইটি