ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে বিশ্বের ওটিটি প্লাটফর্মগুলো। আমাদের দেশের ওটিটিগুলোও সে ধারাবাহিকতায় দর্শকের কথা ভেবে কাজ করছে। ওটিটি কনটেন্টগুলোর অন্যতম আকর্ষণ হচ্ছে এর গল্প। এ সময় থ্রিলার, সাসপেন্সের গল্পের সঙ্গে ফ্যামিলি ড্রামাও উঠে আসছে। এছাড়া বিনোদন অঙ্গনের একঝাঁক তারকাদের নিয়ে বেশির ভাগ নির্মাতা নির্মাণ করছেন ওয়েব কনটেন্ট। একটা সময় ছিল যখন ধারাবাহিক নাটকে একাধিক জনপ্রিয় তারকাদের দেখা মিলত। সে ধারা এ সময়েও বজায় রেখেছেন ওটিটির নির্মাতারা। সে ধারায় একঝাঁক তারকা নিয়ে আজ চরকিতে স্ট্রিম হবে ওয়েব ফিল্ম পুনর্মিলনে।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত তৃতীয় ওয়েব ফিল্ম পুনর্মিলনে। এর আগে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ২০’ দিয়ে দর্শকের প্রশংসা পেয়েছিলেন এ নির্মাতা। অন্য দুই ওয়েব ফিল্মের তুলনায় এবারেরটি একটু আলাদা। কারণ পুনর্মিলনে ওয়েব ফিল্মের গল্প পরিবারকে কেন্দ্র করে। যেখানে একই পরিবারের কয়েকজন কাজিনের জীবনের নানা গল্প নিয়ে এগিয়ে যাবে। এ ওয়েব ফিল্মের মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে দেখা যাবে সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণকে।
চরকিতে ওয়েব ফিল্মটির স্ট্রিমিং নিয়ে উচ্ছ্বসিত সিয়াম আহমেদ। এ নিয়ে জানতে চাইলে সিয়াম বলেন, ‘পুনর্মিলনের গল্পটা খুব সুন্দর, অনেক বেশি গোছানো। কেবল একটা বিষয় নিয়ে এর গল্প নয়। বরং কয়েকটি বিষয়কে ঘিরে এর গল্প। এটা বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে ছোট পর্দায় খুব বেশি কাজ হয়নি আমার। তবে ভালো লাগে যে কাজগুলো করেছি সেগুলো নিয়ে আজও দর্শকের কাছে ইতিবাচক সাড়া পাই।’
ফারিণের সঙ্গে প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করার অভিজ্ঞতা জানতে চাইলে সিয়াম বলেন, ‘ফারিণ অনেক ভালো কাজ করে। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। আমরা আরিয়ানের সুন্দর একটা গল্প পর্দায় তুলে ধরতে অভিনয় করেছি। আমার বিশ্বাস ওয়েব ফিল্মটি দর্শক ভালোবাসবে।’
পুনর্মিলনে নিয়ে জানতে চাইলে তাসনিয়া ফারিণ বলেন, ‘পুনর্মিলনের গল্প ভালো লাগার কারণেই কাজটা করেছি। আমি যখন স্ক্রিপ্ট পড়ি, আমাকে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি। গল্প পড়তে গিয়ে মনে হয়েছে আমি নিজেই এ গল্পের অংশ। আজ চরকিতে পুনর্মিলনে আসছে, আশা করছি ভালো একটা কাজ হতে চলেছে।’
সিয়াম-ফারিণ ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ। মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমাদের জীবনে বন্ধু খুব গুরুত্বপুর্ণ। জীবনের নানা ক্ষেত্রেই বন্ধুত্ব হয়। এই যেমন ট্যুর, অফিস ও ইউনিভার্সিটিতে স্কুল-কলেজে বন্ধুত্ব হয়। জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা বন্ধুত্বের গল্প বলি। তবে একটা গল্প চোখ এড়িয়ে যায় আর সেটা হলো কাজিনদের বন্ধু্ত্বের গল্প। এ ওয়েব ফিল্মে দর্শক কাজিনদের বন্ধুত্বের গল্প দেখবে। আমাদের ফান, ফূর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে। এটা এমন একটা গল্প, যেটা দর্শককে পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যাবে।’










