১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ইয়ামি গৌতম অভিনীত ‘নায়ি নাভেলি’। বালাজি মোহন পরিচালিত সিনেমাটির তিনিই কেন্দ্রীয় চরিত্র। এদিকে সম্প্রতি তার হাতে উঠেছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৪ সালের ঘোষিত পুরস্কার দেয়া হয়েছে এ বছর। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি। তার পরই নতুন সিনেমার আগমন। নায়ি নাভেলির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে তাই আরো আত্মবিশ্বাসী ইয়ামি। তবে তিনি মনে করেন এখনো তার অনেক পথ পাড়ি দেয়া বাকি।
নায়ি নাভেলির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে তাকে গণমাধ্যমকর্মীরা নানা প্রশ্ন করেছেন। পুরস্কার পাওয়ার পর দায়িত্ববোধ আরো বেড়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইয়ামি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই দায়িত্ববোধ আরো বেড়েছে। বিষয়টি শুধু একজন শিল্পী হিসেবে আমার কাজের পরিধির মধ্যেই সীমাবদ্ধ নয়; সিনোর ক্ষেত্রে দলের একজন সদস্য হিসেবেও তা অনুভব করি।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে তিনি সবচেয়ে বড় সম্মান মনে করেন। ইয়ামি বলেন, ‘আমাদের দেশে সব ধরনের ভাষা ও কাজের শিল্পীদের জন্য এটি সত্যিকারের স্বীকৃতি। একজন শিল্পী যে সম্মান পেতে পারেন, এটি তার অন্যতম বড় স্বীকৃতি। আমি এ সম্মান অত্যন্ত বিনয়ের সঙ্গে গ্রহণ করছি।’
ইয়ামি স্বীকার করেন, পুরস্কার পাওয়ার পর তার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। তিনি আরো দায়িত্বশীল হতে চান। দর্শক ও ভক্তদের ভালোবাসার কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘যে মানুষটি একটি ছোট শহর থেকে এসে আজ এখানে পৌঁছেছে, আপনারা তাকে ভালোবাসা দিয়েই এখানে এনেছেন। প্রতিদিন সে ভালোবাসা ও সম্মান অর্জন করে যেতে চাই। আমার এখনো মনে হয়, সামনে অনেক পথ পাড়ি দেয়া বাকি। শেখারও অনেক কিছু আছে।’
এ আলাপে একজন প্রশ্ন করেন ইয়ামি অস্কারের কথা ভাবছেন কিনা। প্রশ্নটিকে পেশাদারি মনোভাবে গ্রহণ করেছেন অভিনেত্রী। উত্তরে তিনি বলেন, ‘আপনার স্বপ্নগুলো শুধু আপনার এবং আপনার মনেরই জানা থাকা উচিত। কাজ যখন আপনার নিজেকে প্রকাশ করার মাধ্যম হয়ে ওঠে, তখন বেশি কিছু বলার প্রয়োজন হয় না।’
সূত্র: বলিউড হাঙ্গামা










