তরুণ নির্মাতা হাসিব হোসাইন। যিনি নাট্য দর্শকদের সামনে তুলে ধরেন সম্পর্কের ভিন্ন রকম গল্প। এমনি একটি নাটক ‘চলো হারিয়ে যাই’।
মানসিকভাবে বিপর্যস্ত কিছু মানুষের জীবনকে নতুনভাবে পরখ করে দেখার ঘটনা নিয়ে রচিত হয়েছে এ নাটকের গল্প।
যেখানে দেখা যায়, অফিসে বসের সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি ছেড়ে ট্রাভেল অ্যারেঞ্জারের কাজ শুরু করে। প্রথম সফরে তার সঙ্গী হয় সন্তানদের অবহেলার শিকার দুই বৃদ্ধ মিস্টার ও মিসেস হায়দার। আরো যোগ দেয় প্রেমে ইতি টানার আগে শেষবারের মতো ট্যুর করতে আসা পায়েল ও রাফসান নামের দুই তরুণ-তরুণী, অনাথ আশ্রমে বেড়ে ওঠা সানি এবং কাজের স্বীকৃতি না পেয়ে মানসিক যন্ত্রণায় কাতর রেডিও জকি তিথি। তারা সবাই ছুটে চলে কক্সবাজারের উদ্দেশে। সেই সফরেই তারা সবাই আবিষ্কার করে কী কারণে এবং কীভাবে তাদের সম্পর্কের সুতা ছিঁড়ে গেছে। জীবনের উদ্দেশ্য কী? কেমন হওয়া উচিত কাছের মানুষদের সম্পর্ক? এসব প্রশ্নের উত্তর তারা খুঁজে পায় একে অপরের সান্নিধ্যে থেকে।
এমনই কাহিনিতে নির্মিত ‘চলো হারিয়ে যাই’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী, আবুল হায়াত, দিলারা জামান, সালমান আরাফাত, রাফসান শান্ত, মায়া রহমান, বাশার বাপ্পী, শারমিন সুলতানা শর্মী, সাজ্জাদ চৌধুরী প্রমুখ।
ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে এ নাটকটি প্রকাশ করেছে। নাটকটি সব শ্রেণীর দর্শকমনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এর নির্মাতা ও অভিনয়শিল্পীরা।










