প্রেক্ষাগৃহে এখনো ঈদ আমেজ কাটেনি। ঈদের পাঁচ সিনেমার প্রচারে ব্যস্ত নির্মাতা ও তারকারা। এ দলে আছেন চিত্রনায়ক নিরব হোসেন। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিরব অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। এ সিনেমায় লুকের জন্য প্রশংসা পাচ্ছেন এ তারকা। সৈকত নাসিরের পরিচালনায় এতে নিরবের বিপরীতে আছেন শবনম বুবলী। দ্বিতীয় সপ্তাহেও বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। অন্যদিকে দর্শকের সঙ্গে ক্যাসিনো দেখার কথা থাকলেও জ্বরের কারণে সেটি সম্ভব হয়নি নিরবের। তবে এর মাঝেও সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ক্যাসিনোর প্রচারণা চালিয়ে গেছেন নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত আপডেট দিয়েছেন সিনেমাটির। বর্তমানে সুস্থ আছেন এ তারকা। নতুন খবর হলো একটু সুস্থ হয়েই নতুন সিনেমার সেটে নিরব।
নতুন একটি সিনেমায় নিরব ফের জুটি বেঁধেছেন অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে। ঈদের আগে মুক্তি পায় নিরবের ‘ফিরে দেখা’ সিনেমাটি। অভিনেত্রী রোজিনা পরিচালিত এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন নিরব ও অভিনেত্রী স্পর্শিয়া।
এবারের এ জুটির সিনেমার নাম ‘সুস্বাগতম’। এটি পরিচালনা করছেন শফিকুল আলম। এ সিনেমায় নতুন একটি লুকে হাজির হচ্ছেন নিরব। লুকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে প্রশংসা কুড়াচ্ছেন এ নায়ক। এর আগে লম্বা সময় নিরবকে দেখা গেছে বড় চুল ও গালভর্তি দাড়িতে। তবে এবারে আবারো নতুন লুকে হাজির হলেন এ অভিনেতা। ছোট চুলের সঙ্গে ক্লিন শেভে বয়সকে পিছিয়ে নিয়েছেন তিনি। পরিবর্তনের পেছনে রয়েছে পেশাগত দিক।
বর্তমানে রাজবাড়ীতে চলছে সুস্বাগতম সিনেমার দ্বিতীয় লটের শুটিং। সেখান থেকেই নিজের নতুন লুকের কথা জানালেন নিরব। নতুন এ সিনেমায় হাসান চরিত্রে অভিনয় করছেন তিনি।
সুস্বাগতমে নিজের চরিত্র নিয়ে নিরব বলেন, ‘সুস্বাগতম সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি।’
নিরব আরো জানান, গত মাসে ঢাকায় শুরু হয় সিনেমাটির শুটিং। এ সিনেমায় একই সঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। এক মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে তৈরি হচ্ছে সিনেমাটি। বর্তমানে নিরবের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। অন্যদিকে কাজে অনিয়মিত স্পর্শিয়া। এবার দীর্ঘদিন পর ঈদের নাটকে দেখা দিয়েছেন তিনি। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘জুতা নিজ দায়িত্বে রাখিবেন’ নাটকে মুশফিক ফারহানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।










