আগস্টের বড় চমক নিয়ে আসতে যাচ্ছে ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমাটি। এর মধ্য দিয়ে কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ বড় পর্দায় হাজির হচ্ছে। হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ হয়েছে এটি। আগামী শুক্রবার বিশ্বব্যাপী ‘এমআর-৯’ মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় এবিএম সুমনকে দেখা যাবে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে। এমআর-৯ নির্মাণ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর।
মাসুদ রানাকে কেন্দ্র করে এটাই প্রথম সিনেমা নয় বাংলাদেশের। বড় পর্দায় প্রথম মাসুদ রানা ছিলেন সোহেল রানা। ১৯৬৬ সাল হতে শুরু করে সেবা প্রকাশনীর ব্যানারে মাসুদ রানা সিরিজে অসংখ্য বই প্রকাশ হয়েছে। এ মাসুদ রানা সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ অবলম্বনে সিনেমা নির্মাণ করেন সোহেল রানা। ১৯৭৪ মুক্তিপ্রাপ্ত আলোচিত এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে নিজেই অভিনয় করেন এ অভিনেতা। এ সিনেমার মধ্য দিয়ে সেই সময় দর্শকের মন জয় করে নেন সোহেল রানা। ৪৯ বছর পর আবারো বড় পর্দায় দেখা যাবে মাসুদ রানাকে, তবে সেখানে থাকবেন এবিএম সুমন। ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমাটির মুক্তি কেন্দ্র করে দেখা করেছেন দুই প্রজন্মের দুই মাসুদ রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুমন।
এ নিয়ে সুমন বলেন, ‘আজিজ ভাই ও সৈকত ভাইয়ে সহযোগিতায় শুক্রবার গিয়েছিলাম সোহেল রানা ভাইয়ে সঙ্গে দেখা করতে। তার সঙ্গে অনেক কথা হলো। এমনভাবে কথা বললেন যেন মনে হলো অনেকদিনের পরিচিত। আমাদের সিনেমা নিয়ে শ্রদ্ধেয় এ অভিনেতা সোহেল শুভকামনা জানিয়েছেন। দারুণ সময় কেটেছে তার সঙ্গে।’
সিনেমাটিতে এবিএম সুমন ছাড়া বাংলাদেশী অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি অভিনয় করেছেন। এছাড়া অভিনয় করেছেন মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ। এমআর-৯-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। সে হিসেবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচার্স ও আল ব্রাভো ফিল্মস।










