নব্বইয়ের দশকের জনপ্রিয় একটি সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। দীর্ঘ ২৮ বছর পর সে সিনেমার গল্প ফিরছে নতুন রূপে। তরুণ নির্মাতা কামরুজ্জামানের পরিচালনায় তৈরি ‘আবার হঠাৎ বৃষ্টি’তে পুরনো চরিত্রগুলোয় দেখা যাবে নতুন মুখ।
১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনীত সিনেমাটি সে সময় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাদের অভিনয় ও পর্দার রসায়ন এখনো অনেকের স্মৃতিতে উজ্জ্বল।
এবার সে গল্পই সমকালীন প্রেক্ষাপটে তুলে ধরেছেন কামরুজ্জামান। মূল গল্পের কাঠামো অপরিবর্তিত রেখে নতুনভাবে নির্মাণ করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। এতে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
নতুন এ জুটির পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরো অনেকে।
হঠাৎ বৃষ্টির জনপ্রিয়তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এর গানগুলোও। নচিকেতা চক্রবর্তীর সুর করা ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’র মতো গান এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে। নতুন সিনেমায়ও সে আবহ ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পুরনো ছয়টি গানের মধ্যে তিনটি নতুন তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের রুচির কথা মাথায় রেখে যুক্ত হয়েছে দুটি নতুন গান।
নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে আশাবাদী নির্মাতা কামরুজ্জামান। আগামী ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে আবার হঠাৎ বৃষ্টির।










