হলিউড ও কান্ট্রি মিউজিকের দুই সুপারস্টার, অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান এবং গ্র্যামি জয়ী গায়ক কিথ আরবান—তাদের দীর্ঘ ১৯ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটাতে চলেছেন। মঙ্গলবার ন্যাশভিলের একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ৫৮ বছর বয়সী কিডম্যান। খবর ভ্যারাইটি।

আদালতের নথি অনুযায়ী, 'দাম্পত্য জটিলতা ও অমীমাংসিত দ্বন্দ্ব'কে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ দম্পতি আগে থেকেই সন্তান লালনপালন ও সম্পত্তি ভাগাভাগির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন।

২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে পরিচিত হন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা এ জুটি। পরের বছর সিডনিতে তারা বিয়ে করেন। এটি আরবানের প্রথম এবং কিডম্যানের দ্বিতীয় বিয়ে। কিডম্যানের প্রথম স্বামী টম ক্রুজ।