দেশের অনেক অভিনেত্রী কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন, এ তালিকায় যুক্ত হয়েছেন কাজী নওশাবা আহমেদও। গত মাসেই জানা গিয়েছিল অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। বর্তমানে সিনেমাটির শুটিংয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন নওশাবা। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুটিংয়ের একাধিক ছবি শেয়ার করে এ অভিনেত্রী নতুন সিনেমার জন্য শুভকামনা চেয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আশীর্বাদ করবেন। সোমবার শুটিং চলেছে মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একটি রেস্তোরাঁয়। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্য়ায়।
এর আগে যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটি নিয়ে কাজী নওশাবা আহমেদ বলেন, ‘দার্জিলিং ও কলকাতার বিভিন্ন জায়গায় চলবে আমাদের শুটিং। টানা এক মাস শুটিং, এরপর কিছুদিনের বিরতি নিয়ে ফের কাজ শুরু হবে। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ হবে। আগামী বছর দুর্গা পূজায় সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনার কথা শুনছি।’
এ সিনেমা নিয়ে অনীক দত্ত ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, যত কাণ্ড কলকাতাতেই একটি মৌলিক গল্পনির্ভর থ্রিলার সিনেমা। এতে গোয়েন্দা নেই, কিন্তু গোয়েন্দাগিরি আছে এবং আছে সত্যজিৎ রায়ের ছোঁয়াও। সেটা আসলে কেমন এ নিয়ে অনীক বলেন, ‘আমার গল্পের নায়কের নামেই রয়েছে গোয়েন্দার ইঙ্গিত। চরিত্রটা অনেকটা ফেলুদার মতো। কিন্তু নাম তোপসে। অর্থাৎ ফেলুমিত্তিরের সহকারীর নাম। তোপসের চরিত্রে অভিনয় করছেন আবীর। সোমবার আমরা সারা রাত শুটিং করেছি। বেশ ভালো লাগছে।’
অনীক দত্ত ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমা দিয়ে পরিচালনা শুরু করেন। প্রথম সিনেমাটি দিয়েই দর্শকের মন জয় করেন তিনি। গত বছর তার ‘অপরাজিত’ সিনেমাটি মুক্তি পায়। সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত সিনেমা ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্যে স্ট্রাগলের গল্প নিয়েই অপরাজিত। আর এবার অনীক দত্ত ব্যস্ত যত কাণ্ড কলকাতাতেই নিয়ে। কিছুদিন আগেই এ সিনেমার পোস্টার শেয়ার করেন তিনি। সেখানে আবীর চট্টোপাধ্যায়ের পাশে নওশাবাকে দেখা যায়। তারা দুজনই অবাক হয়ে ওপরের দিকে তাকিয়ে আছেন। আর পেছনে কলকাতার ট্রাম থেকে গাড়ি, ট্যাক্সি, বাড়িসহ সবই দেখা যাচ্ছে। এখন জানার অপেক্ষা অনীক দত্ত কলকাতার কোন রহস্য সামনে আনতে যাচ্ছেন।










