মুক্তির চতুর্থ সপ্তাহ পেরিয়ে গেলেও সিনেমা হলে দাপট দেখাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘‌সুড়ঙ্গ’। এর মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা করেছেন আফরান নিশো। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পায়। প্রথম দিন থেকেই দর্শক টানছে সিনেমাটি। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ভালো ব্যবসা করছে সিনেমাটি। নতুন খবর হলো গত শুক্রবার পশ্চিমবঙ্গের ৩১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ। এর মুক্তিকে কেন্দ্র করে গত বুধবার কলকাতায় পৌঁছেছেন পরিচালক রায়হান রাফী, অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল, আফরান নিশো ও তমা মির্জা। কলকাতার বিভিন্ন গণমাধ্যমে সিনেমাটি নিয়ে প্রচারে ব্যস্ত রয়েছেন তারা। পাশের দেশেও দর্শকের ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা রাফী। তিনি বলেন, ‘কলকাতার বাইরের খবর এখনো জানতে পারিনি। তবে কলকাতায় মাল্টিপ্লেক্সে দর্শকদের খবর পেয়েছি। দারুণ সাড়া। যারা দেখেছেন, তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারাও সিনেমাটার প্রশংসা করেছেন। সিনেমাটি মুক্তির দুই দিন আগে এখানে আসার পরই দর্শকের আগ্রহ দেখেছি। এখন হলে তার প্রমাণ মিলছে।’

পশ্চিমবঙ্গে ‘‌সুড়ঙ্গ’ পরিবেশনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। সিনেমাটি মুক্তির আগেই প্রচার চালিয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যা ৭টায় কলকাতার অ্যাক্রোপলিস মলে সিনেমাটার প্রিমিয়ার শো হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। প্রিমিয়ার শোতে দর্শকের উপস্থিতি নিয়ে এ নির্মাতা বলেন, ‘শো শুরুর আগেই আমরা সেখানে উপস্থিত ছিলাম। গিয়ে দেখি শত শত মানুষের ভিড়। অন্য দেশে এসে নিজের সিনেমা দেখতে গিয়ে দর্শকদের এমন আগ্রহ দেখা অন্য রকমের ভালো লাগা আমার জন্য।’ 

পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তির পর টালিউডের অনেক তারকারাই শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। এর মধ্যে অন্যতম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ নিয়ে টুইট বার্তায় তিনি লেখেন, ‘‌সুড়ঙ্গ টিমের প্রত্যেককে জানাই অসংখ্য শুভেচ্ছা।’ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি টুইটারে লিখেছেন, ‘‌সুড়ঙ্গ সিনেমার পুরো টিমের জন্য অনেক শুভ কামনা রইল।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা দেশের বাইরের হলের একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, সিনেমাটি দেখতে দর্শকের ভিড় রয়েছে। 

সুড়ঙ্গ সিনেমায় নিশোকে দেখা গেছে মাসুদ চরিত্রে। পর্দায় মাসুদের স্ত্রী ময়না হয়ে উঠেছিলেন তমা। প্রিমিয়ার শেষে ভারতের সংবাদমাধ্যমে নিশো বলেন, ‘দারুণ অভিজ্ঞতা। দর্শকের ভালোবাসায় আমি অনুপ্রাণিত হয়েছি। আমার কাছে মনে হয়, যেহেতু দুই বাংলা ভাষা এক, তাই দর্শক সিনেমার আবেগগুলো খুব সহজেই মেলাতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ এ ভালোবাসার জন্য।’

ঈদুল আজহায় দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ। অন্যদিকে ৭ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে মুক্তি পেয়েছে এটি। গত শুক্রবার পশ্চিমবঙ্গের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঈদের আলোচিত সিনেমা সুড়ঙ্গ। এ উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হয়েছে এর ট্রেলার। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে (প্রতিদিন চারটি শো) ও লস অ্যাঞ্জেলেসের লিমলে নর্থ হলিউড-৭ প্রেক্ষাগৃহে (প্রতিদিন দুটি শো) প্রদর্শিত হচ্ছে এটি। সিনেমাটি মুক্তির আগেই পুরোদমে প্রচারণা শুরু করেছিল পরিবেশক প্রতিষ্ঠান। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় চারবার টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে সুড়ঙ্গ ছবির ট্রেলার দেখানো হয়েছে। এ ছাড়াও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে এর মুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরিবেশক বায়োস্কোপ ফিল্মস।

নিশো ও তমা ছাড়াও সুড়ঙ্গে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, বাইজিদ হাসান ও সানজাত হাসান তুহিন। এছাড়া সিনেমাটির আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। চরকি ও আলফা আই স্টুডিওর যৌথ প্রযোজনায় এ সিনেমার শুটিং শুরু হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে। সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেক জায়গায়ই শুটিং হয়েছে এর।