এবারের ঈদে তাসনিয়া ফারিণের ব্যস্ততা বেশি। নাটকের পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা যাবে তাকে। এর নাম নিকষ। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। ওয়েব ফিল্মটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। নির্মাতা ওয়েব ফিল্মটি নিয়ে জানান, আলো ও অন্ধকার চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে এগিয়ে গেছে ওয়েব ফিল্মটির গল্প। এতে সুলতানা চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। অন্যদিকে তার ছোট বোনের চরিত্রে আছেন মাহিমা সুলতানা।
এ ঈদে দীপ্ত প্লেতে আসছে ওয়েব ফিল্ম নিকষ। এর নির্মাণ শেষ। ওটিটিতে মুক্তির আগে বৃহস্পতিবার হয়ে গেল ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শো। এতে উপস্থিত ছিলেন ফারিণসহ নিকষের সঙ্গে সংশ্লিষ্টরা।
আসন্ন ওয়েব ফিল্মটি নিয়ে কথা হয় তাসনিয়া ফারিণের সঙ্গে। নিকষ নিয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘নিকষ আমার জন্য অনেক সুন্দর অভিজ্ঞতা। আমি ছোটবেলা থেকেই আমার ভাইয়ের সঙ্গে অনেক ক্লোজ। বলা চলে আমিই ওকে এক রকম লালন-পালন করেছি। কারণ আমার খুব শখ ছিল, আমার একটি ছোট ভাই থাকবে। এ ওয়েব ফিল্ম করতে গিয়ে আমার মনে হয়েছে, মাহিমা আমার বোনের মতো। ও একটু ব্যথা পেলে আমার অনেক খারাপ লাগত। আসলে ওর সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমার। সত্যিই যখন ফিল করলাম ও মিসিং, তখন আসলে যে অনুভূতি হয়, সেটাই ছিল সুলতানা।’
ওয়েব ফিল্মটি নিয়ে নিজের অনুভূতি তুলে ধরে ফারিণ বলেন, ‘প্রতিটা জিনিসেরই ভালোমন্দ আছে। আমাদের উদ্দেশ্য একটাই ছিল, একটা মাধ্যমের কী কী খারাপ দিক রয়েছে এবং সেটা কীভাবে আমাদের ওপর প্রভাব বিস্তার করছে, তা দেখানো। সিনেমাটি কিন্তু অনেকাংশে সত্য ঘটনা। কারণ আমাদের আশপাশে এ ধরনের অনেক ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল মানুষ যেন আরো সচেতন হয়, বিশেষ করে অভিভাবকরা।’ তার আসন্ন ওয়েব সিরিজের প্রচারণা নেটিজেনদের নজর কেড়েছে।
ওয়েব ফিল্মটিতে সাদামাটাভাবে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। এরই মধ্যে সুলতানা রূপে দেখা গেছে তাকে। ভিন্ন লুকের কারণে প্রশংসা পাচ্ছেন। নিকষে নিজের লুক প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমার ভেতর কখনো মেকআপ বা গেটআপ নিয়ে ইনসিকিউরিটি কাজ করে না। আমি মনে করি, চরিত্রের প্রয়োজনে যখন যেভাবে যে গেটআপ দরকার, সেটাই আসলে আমার ক্যারেক্টার। পর্দায় সুলতানা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন যদি আমি মেকআপ নিতাম, তাহলে সুলতানা আর সুলতানা হয়ে উঠত না। তাই সুলতানাকে আসল রূপ দেয়ার জন্যই মেকআপ ছাড়া ওইভাবে কাজ করার প্রয়োজন ছিল।’ ওয়েব ফিল্মটির প্রচারণার কৌশলের জন্যও প্রশংসা পাচ্ছেন ফারিণ। ৯ জুন হঠাৎ করেই লাইভে আসেন এ অভিনেত্রী। তাকে বেশকিছুটা অগোছালো এলোমেলো মনে হয় এ লাইভে। নির্মাণাধীন এক রাস্তায় তিনি কিছু একটা খুঁজছেন বলে মনে হয়েছে। কথাবার্তার এক ফাঁকে ফারিণ জানান, তিনি তার বোনকে খুঁজছেন। ফারিণের এ লাইভ নেট দুনিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে পরের দিন ফারিণ ফেসবুকে ছবি শেয়ার করে বিষয়টি খোলাসা করে একটি স্ট্যাটাসে ফারিণ জানান নিকষ ওয়েব ফিল্মটির প্রচারণায় অংশ নিয়েছিলেন।










