লম্বা সময় পর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ হতে যাচ্ছে একটি সিনেমা। এর নাম ‘স্পর্শ’। পরিচালনার ভার বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্তের কাঁধে। স্পর্শে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আর তার বিপরীতে থাকবেন বাংলাদেশের নিরব হোসেন। এতে আরো অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়। এ সিনেমার সূত্রেই ঋতুপর্ণা সেনগুপ্ত এখন অবস্থান করছেন ঢাকায়। শুটিংয়ে অংশ নেয়ার আগের দিন শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে ঢাকাই সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মাতেন ঋতুপর্ণা সেনগুপ্ত, নিরব হোসেন ও অনন্য মামুন।

সংবাদ সম্মেলনে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘‌সবাইকে অনেক ভালোবাসা। আমি বাংলাদেশে যখনই আসি আমার মন ভালো হয়ে যায়। বিমানবন্দর থেকে বের হতেই মনে হচ্ছিল এটা আমার কত চেনা শহর। ভেতর থেকেই আমার ভালো লাগা তৈরি হয়। আরো ভালো লাগে যখন বাংলাদেশের সিনেমার সঙ্গে নতুন করে যুক্ত হই। এ দেশের সিনেমার সঙ্গে অনেক আগে থেকেই আমি কাজ করেছি। কয়েকটি সুপারহিট সিনেমায় কাজ করেছি। বাংলাদেশের অনেক নায়কের সঙ্গে কাজ করেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। এখন নিরবের সঙ্গে কাজ করছি। অভিনয়ের বাইরেও ও একজন খুব ভালো মানুষ। অনেক হিরোই কেবল নিজেকে হিরো হিসেবে দেখাতে চায়। কিন্তু নিরবের ভেতর দেখেছি সে প্রডাকশনের অনেক খুঁটিনাটির সঙ্গে যুক্ত থাকে। এটা অনেক ভালো লাগে। খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরো ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।’

অনন্য মামুনকে নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘‌সিনেমাটা আমাদের জন্য স্পেশাল। আমার মনে হয়, নির্মাতার মাথার ভেতরে পুরো সিনেমার এডিটিংটা আছে। তিনি যখন সিনেমাটার বিষয়ে আমাকে জানান, আমার মনে হয়েছিল আমি তো এ ধরনের কাজই করতে চাই। বাংলাদেশী সিনেমা এখন আগের থেকে অনেক বেশি ম্যাচিউর, অনেক ভালো কাজ হচ্ছে এখানে।’

এ সিনেমার মাধ্যমে অভিষেক হচ্ছে বাংলাদেশের অভিনেত্রী আরিয়ানা জামানের। সিনেমাটি অসম বয়সের এক ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে নির্মাণ হবে স্পর্শ। আরিয়ানা জামান প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘ও অনেক ভালো কাজ করেছে। এ সিনেমার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে কাস্টিংয়ের নতুনত্ব আনা হলো, এটা আমার খুব ভালো লেগেছে।’

১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক। বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। বাংলাদেশে ঋতুপর্ণার জনপ্রিয়তার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘‌বাংলাদেশ তো আমারই দেশ। আমার মায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ আর বাবার বিক্রমপুরে। তাই আমার ভিত আছে এখানে। আমার কাছে মনে হয় এটা একই জায়গা। মানুষের ভালোবাসায় এ জনপ্রিয়তা। আশা করি, আমাদের নতুন সিনেমা স্পর্শ অনেক ভালো হবে।’

নির্মাতা জানান, যৌথ প্রযোজনার সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে গতকাল। শুটিং শেষ করে ১৭ আগস্ট কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। এরপর সম্পাদনা ও দুই দেশে মুক্তির পরিকল্পনা।

নতুন এ সিনেমা নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেন নিরব হোসেন। তিনি বলেন, ‘প্রথমেই আমি বলব স্পর্শের গল্পটা অনেক সুন্দর। সিনেমাটা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। সবচেয়ে বড় কথা, অনেক দিন পর জয়েন্ট ভেঞ্চার সিনেমা হতে যাচ্ছে। দর্শক, চলচ্চিত্রপ্রেমী যারা আছেন, তাদের কাছে জয়েন্ট ভেঞ্চার সিনেমা মানেই বড় বাজেট আর অনেক ভালো প্রডাকশন। সব মিলিয়ে স্পর্শ তেমনি একটি প্রজেক্ট হবে। আশা করছি, ভালো কিছু হতে যাচ্ছে আর দর্শক নিরাশ হবে না।’

নব্বইয়ের দশক থেকেই বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হয়ে আসছে। ‘‌পদ্মা নদীর মাঝি’, ‘‌হঠাৎ বৃষ্টি’ কিংবা ‘মনের মাঝে তুমি’সহ অনেক দুর্দান্ত সিনেমা এ দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মাণ হয়েছে। এছাড়া বর্তমান সময়ের বাংলাদেশের অনেক তারকা কলকাতার সিনেমা ও কনটেন্টে অভিনয় করছেন। ডিজিটাল যুগে বাংলাদেশের ওটিটি কনটেন্টের কদর বেড়েছে ওপার বাংলায়। এবার দেখার পালা ঋতুপর্ণা-নিরব জুটির প্রথম সিনেমা দুই দেশের দর্শককে কতটা মাতাতে পারে।