দেশের অনেক তারকাই নাম লেখিয়েছেন কলকাতার সিনেমায়। এ সময়ে এসে ওটিটি প্লাটফর্মে আমাদের দেশের তারকাদের অভিনীত কনটেন্টগুলো বিশ্বদরবারে সমাদর পাচ্ছে। তাই দেশের সিনেমা ছাড়িয়ে তারকারা অভিনয় করছেন। দেশের অনেক তারকাই এখন নিয়মিত কলকাতার বিভিন্ন সিনেমা এবং ওটিটি কনটেন্টে কাজ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতা নিজেই। সিনেমার নাম ‘চালচিত্র দ্য ফ্রেম ফেটাল’। এটি পরিচালনা করবেন প্রতীম ডি গুপ্ত। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে এরই মধ্যে কলকাতা পৌঁছেছেন অপূর্ব। গতকাল সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
কপ স্টোরি ধাচের সিনেমাটিতে আরো থাকবেন পশ্চিমবঙ্গের টোটা রায় চৌধুরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতারা। টোটার বিপরীতে রয়েছেন রাইমা সেন। এছাড়া ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার শান্তনু মহেশ্বরীকে দেখা যাবে এ সিনেমায়। এতে শান্তনু জুটি বাঁধবেন স্বস্তিকা দত্তের সঙ্গে।
সিনেমাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এরই মধ্য সাক্ষাৎকার সেরেছেন নির্মাতা। কলকাতায় অপূর্বের কাজসংক্রান্ত প্রতিবেদনটি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব। এরপর থেকেই ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন বলে জানান অপূর্ব। প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন। তাই আরো ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’
তিন বছর পর বাংলা সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন প্রতীম। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে শেয়ার করেছে সিনেমাটির প্রথম পোস্টার। তিন বছর পর নতুন সিনেমায় কাজ শুরু করে উচ্ছ্বাসিত প্রতীম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে প্রতীম বলেন, ‘গল্প হলেও সত্যি, মিথ্যের ছাঁচ ভর্তি, পুরনো সুরে নতুন গান, রাজা হবে খান খান। আমার আগামী.. বাংলায় থ্রিলার ছবি চালচিত্র-দ্য ফ্রেম ফেটাল।’
অন্যদিকে, ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’, ‘আহারে মন’, ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ব্যবসা সফল সিনেমা পরিচালনা করেছে প্রতীম। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পায় ২০২০ সালে। প্রতীমের প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘টুথপরি: হোয়েন লাভ বাইট’। সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্সে।
সিনেমাটির চরিত্রগুলো সম্পর্কে বিস্তারিত না জানালেও ভারতীয় সংবাদমাধ্যমে প্রতীম জানিয়েছেন সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।
প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন থেকে জানা যায়, থ্রিলার ঘরানার সিনেমা এটি। গল্পটা কলকাতা পুলিশকে নিয়ে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এক দল অফিসার। যাদের নেতৃত্বে দেন অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ তিনি, তবে নানা সমস্যা রয়েছে তার। এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। তার নেতৃত্বে পুলিশ সদস্যরা তদন্তে নামবেন কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনার। তদন্ত করতে করতে গিয়ে সংযোগ পাওয়া যাবে ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের একটি পুরনো কেসের সঙ্গে। এ সিনেমায় তদন্তের পাশাপাশি চার পুলিশ সদস্যের ব্যক্তিগত জীবনও দেখানো হবে। ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ সিনেমাটি প্রযোজনা করছে। এ প্রযোজনা সংস্থাটির ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
অন্যদিকে, কলকাতার সিনেমায় প্রথম অভিনয় করলেও ২০১৫ সালেই সিনেমায় অভিষেক হয়েছে অপূর্বের। তার অভিনীত প্রথম সিনেমাটির নাম গ্যাংস্টার রিটার্নস। অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন অপূর্ব। এরপর নাটকে অভিনয় করলে দর্শক তাকে সাদরে গ্রহণ করে। বর্তমান সময়ে নাটকের পাশাপাশি ওয়েব মাধ্যমেও নিয়মিত কাজ করছেন অপূর্ব। ওয়েব ফিল্ম মায়া শালিক দিয়ে দর্শক মহলে সাড়া ফেলেছিলেন তিনি। এছাড়া ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তানিম রহমান অংশু পরিচালিত এ সিরিজে এএসপি গোলাম মামুন চরিত্রে অপূর্ব অভিনয় করেছিলেন। এর আগে অপূর্বকে বাংলাদেশের পুলিশের বেশে দেখা গেলেও আসন্ন সিনেমাটিতে তাকে দেখা যাবে কলকাতার পুলিশের পোশাকে। এবারে দেখার অপেক্ষা অপূর্বের নতুন লুকের।










