পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। ছোট পর্দায় ও ওয়েব দুনিয়ায় জনপ্রিয় তিনি। সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আফরান নিশোর অভিষেক হলো। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফী পরিচালিত এ সিনেমা দিয়ে বড় পর্দায় দর্শকের ভালোবাসা পাচ্ছেন নিশো। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক টানছে সিনেমাটি। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রশংসা পাচ্ছে এটি। এতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন নিশো। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত এ অভিনেতা। তবে থেমে নেই তার আসন্ন কাজ। সারা বছরই অভিনয়ে ব্যস্ত থাকেন তিনি। সিনেমার প্রচারণার মাঝেই তিনি নতুন ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন।
এবার নতুন লুকে নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন আফরান নিশো। ওটিটি প্লাটফর্ম হইচইয়ে আসতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। সিরিজটি পরিচালনা করেছেন ইয়াসির আল হক। আগামী ১৭ আগস্ট থেকে হইচইয়ের পর্দায় দেখা যাবে নতুন নিশোকে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে নিশোর নতুন লুক। নতুন সিরিজে আফরান নিশো স্বনামধন্য একটি রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে হাইপ্রোফাইল মামলা পরিচালনাকারী একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। সিরিজে তার চরিত্রের নাম রেজা। নতুন লুকের জন্য এরই মধ্যে দর্শকের প্রশংসা পাচ্ছেন নিশো।
এ সিরিজে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘রেজা একজন বুদ্ধিমান ও সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। চরিত্রটি আমাকে খুব আকর্ষণ করেছে। আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকের কী প্রতিক্রিয়া হয়, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইয়াসির খুব তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিবান একজন পরিচালক। প্রচুর সম্ভাবনা নিয়ে সে তার পরিচালনার ক্যারিয়ার শুরু করছে। ইয়াসির খুবই দক্ষ ও কাজের প্রতি মনোযোগী। আসলে পুরো সাড়ে ষোল টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত এবং এ কাজের জন্য তাদের শুভকামনা জানাই।’
ওয়েব সিরিজ সাড়ে ষোলর পরিচালক ইয়াসির আল হক বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি ওটিটিতে অভিষেকের জন্য হইচইয়ের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আসলে কোনো শব্দই আমার এ উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না। সাড়ে ষোল সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে ছিল এবং এ কারণেই আমি সিরিজটি দিয়ে ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। হইচইকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এটি হইচইতে দেখা যাবে আগামী ১৭ আগস্ট থেকে। আমি বিশ্বাস করি, এ সিরিজ আমাদের এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে দর্শক ফ্লোর ১৬ দশমিক ৫-এ আটকে যাবেন আর এ সাড়ে ষোল ব্যাপারটা সিরিজটির প্রমোশনাল এলেই দর্শকের কাছে পরিষ্কার হয়ে যাবে।’
এর গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘সাড়ে ষোলতে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। রেজা একজন সফল আইনজীবী। তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাওয়ার আগের রাতে তার জীবনে একটি জটিল মোড় নেয়। কী হলো তা নিয়েই এগিয়ে যাবে গল্প।’
সাড়ে ষোল ছয় পর্বের ওয়েব সিরিজ। গত ১২-২৬ জুন আসন্ন সিরিজটির শুটিং হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এর আগে একাধিক ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন নিশো। এর মধ্যে রয়েছে মরীচিকা, রেডরাম, কাইজার। সিনেমা ও ওয়েবের বাইরে শেষ কাজ হিসেবে করেছেন ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব। এ নাটকে রাফসান হকের চরিত্রে অভিনয় করেছেন নিশো। এতে তার বিপরীতে ছিল মেহজাবীন চৌধুরী। সব মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয় এ অভিনেতা। এবার দেখার পালা আসন্ন ওয়েব সিরিজে কী চমক নিয়ে আসেন নিশো। সিনেমার পর্দায় সুড়ঙ্গ কাটা মাসুদ আদালতে আইনজীবী হিসেবে কেস সমাধানে কী চাল দেন, সেটি জানা যাবে আসন্ন সিরিজটিতে। এতে আরো কারা অভিনয় করেছেন এ নিয়ে এখনই খোলাসা করছেন না নির্মাতা। নিশোর বিপরীতে কোন অভিনেত্রী আসছেন সে নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।










