দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত, জুলাইয়ের ছাত্র–জনতার ‘হৃত আকাঙ্ক্ষা’ পুনরুদ্ধার এবং ‘দায় ও দ্রোহের বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে গঠিত রাজনৈতিক প্লাটফর্ম অল্টারনেটিভস তাদের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করেছে।
সংগঠনটির পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধাপে সারাদেশের বিভিন্ন জেলা শহর থেকে আরো ২৬ জন নতুন সংগঠক কমিটিতে যুক্ত হয়েছেন। সংগঠনটির দাবি, পর্যায়ক্রমে এই কমিটি আরো সম্প্রসারিত করা হবে এবং দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে শিগগিরই একটি রাজনৈতিক রূপরেখাও প্রকাশ করা হবে।
অল্টারনেটিভসের ভাষ্য অনুযায়ী, নির্বাচন-পরবর্তী বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে অবনতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষা পুনরুদ্ধারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংগঠনটি।
বর্ধিত কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান কাজ হবে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিকভাবে সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত ব্যক্তি এবং আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা, এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে দেশজুড়ে বিস্তৃত করা।
এছাড়া তারা ধাপে ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, নারী, কৃষক ও সাধারণ জনগণকে যুক্ত করে একটি কাঠামোবদ্ধ সংগঠন গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন বলে জানানো হয়েছে।
বর্ধিত ন্যাশনাল অর্গানাইজিং কমিটির নতুন সংগঠকরা হলেন— আশিক তানভীর রিহাম, ইমাম হোসেন, এম. সাজ্জাদ হোসেন, কাজী সিহান হোসাইন, কামরুল হাসান, জেবা সাজিদা সারাফ, ডা. নজরুল ইসলাম, নাসরুল্লাহ মানসুর রাসু, নেসার আহমেদ, নূরউদ্দিন আল মাসুদ, ফাতিন মাহির, বিধান রঞ্জন বিশ্বাস, বিপিন জ্যোতি চাকমা, মো. ওবায়দুর রহমান, মো. তানভীর রহমান, মো. তৈয়বুর রহমান, মো. বেল্লাল হোসেন, মো. রেজওয়ান খান ইমন, মো. আব্দুল মান্নান লাহু, রাহাত খান জোহান, রেবেকা সুলতানা বুবলী, সাব্বির আহমেদ, সাফকাত মাহমুদ কাদের, সালেহ আহমেদ সাফি, সামিন ইয়াসার ও হাবীবুল্লাহ মিসবাহ।










