গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির এক বহিষ্কৃত নেতার মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল দুপুরে উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদ তার অনুসারীদের নিয়ে মোটরসাইকেল শোডাউনে বের হলে গাইবান্ধা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলমের সমর্থকদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল পরিস্থিতি বিবেচনা করে উপজেলা সদর ও আশপাশ এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেন।

আদেশে বলা হয়, মোটরসাইকেল শোভাযাত্রাকে (শোডাউন) কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা দেখা দেয়। এতে স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ সময়ে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে।