ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যারা এ তালিকাভুক্ত হওয়ার যোগ্য তাদের বাদ দিয়ে অর্থনৈতিক সুবিধা নিয়ে প্রভাশালী একটি চক্র অন্যদের নিয়ে এ তালিকা করেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তদন্ত করেন উপজেলা উপ-সকারি কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কবির হোসেন। পঞ্চগড় প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক স্থানীয়দের উপস্থিতিতে এ তদন্ত অনুষ্ঠিত হয়।
স্থানীয় জিয়াউল হক শহীদ ঢালী ও মায়েল হোসেন অভিযোগ করে বলেন, কুলকাঠি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে যারা প্রকৃত গরিব, তারা কোন সরকারি সুযোগ সুবিধা পায় না? যারা একটু স্বচ্ছল তারা টাকার বিনিময়ে সব সুযোগ-সুবিধা বিগত দিনেও নিয়েছে, বর্তমানেও নিচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।
অভিযোগ তদন্তে আসা নলছিটি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। এই তালিকা বাদ দিয়ে নতুন তালিকা করার প্রস্তাব করব।










