খুলনায় সড়কের পাশে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ে পথচারীসহ শিক্ষার্থীরা। সেই ভোগান্তি লাঘবে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নগরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
খুলনা সওজ সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ৩ কোটি ৯২ লাখ টাকা ও খুলনা-যশোর মহাসড়কের সরকারি বিএল কলেজের সামনে ৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এ ফুটওভার ব্রিজ। গত বছরের শেষের দিকে ব্রিজ দুটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে সওজ।
খুলনা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, ব্রিজ দুটি হবে দৃষ্টিনন্দন। ঢাকার হানিফ ফ্লাইওভার থেকে নেমে প্রথম যে ফ্লাইওভারটা নৌকার মতো ঠিক সেই আদলে। এরই মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছে। ব্রিজটিতে এস্কেলেটর ব্যবহারের ফ্যাসালিটি রাখা হয়েছে। ১১টি পিলারের ওপর ব্রিজের স্টিল প্লেট স্থাপন করা হবে। এর মধ্যে পাঁচটি পিলারের বেজ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে যা মূল কাজের ২৫ থেকে ৩০ শতাংশ। কার্যাদেশ অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে ফুটওভার ব্রিজ দুটির নির্মাণকাজ সম্পন্ন হবে। ব্রিজ দুটি নির্মাণ হলে শিক্ষার্থীদের পাশাপাশি পথচারীরাও অবাধে চলাচল করতে পারবে। পর্যায়ক্রমে আরো ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সওজের উপসহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা জানান, খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর সরকারি বিএল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণে এরই মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে। এটি অনেকটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ফুটওভার ব্রিজের নকশার আদলে হবে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৪১৬ টাকা।
ব্রিজটি নির্মাণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সড়কের পাশে বিদ্যুতের খুঁটি অপসারণ প্রক্রিয়াধীন। চট্টগ্রামের একটি ওয়ার্কশপে ব্রিজের প্লেট তৈরির কাজ চলছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আশিক-উর-রহমান জানান, ব্রিজ দুটি নির্মাণ হলে খুলনা শহরে যাতায়াত ব্যবস্থায় অনেক পরিবর্তন আসবে। শহরের বৃহৎ ও গুরুত্বপূর্ণ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের ফলে শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে।










