সৌদি আরব থেকে দেশে ফিরেই গ্রেফতার হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস ।

সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।

পুলিশ জানায়, সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুইটি হত্যা মামলা। গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলা সদরে গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে সাদ্দামকে প্রধান আসামি করা হয়।

ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, ডিএমপির বিমানবন্দর থানা থেকে ভোর ৪টার দিকে আমাদের জানানো হয় যে, সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, সরকার পরিবর্তনের পর থেকে সাদ্দাম সৌদি আরবে আত্মগোপনে ছিলেন। তাই তাকে গ্রেফতারের জন্য দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছিল।