চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে। গত মে মাসে টার্মিনালটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউ (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গেল মাসে টার্মিনালটিতে আমদানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউ এবং রফতানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউ। সব মিলিয়ে মাসটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়। সে হিসাবে দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৮১টি টিইইউ কনটিইনার ব্যবস্থাপনা করা হয়েছে।
এর আগে এনসিটিতে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। ওই মাসে টার্মিনালটিতে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। সর্বশেষ মে মাসের কার্যক্রমের মাধ্যমে সেই রেকর্ড অতিক্রম করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বণিক বার্তাকে বলেন, কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা প্রক্রিয়ার গতি বৃদ্ধি এবং ইয়ার্ড ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির ফলে এ রেকর্ড অর্জন সম্ভব হয়েছে। এর ফলে আমদানি-রফতানি পণ্য খালাস ও জাহাজ পরিচালনায় সময় কমছে যা দেশের বৈদেশিক বাণিজ্যের জন্যও ইতিবাচক।










