ভোলা-বরিশাল রুটে নৌযান বন্ধের পর এবার অভ্যন্তরীণ রুটে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বাসমালিক সমিতি। মহাসড়কে অবৈধ থ্রি হুইলার বন্ধের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয় ভোলা বাসমালিক সমিতি। তবে পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।


সরেজমিনে দেখা যায়, শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে চরফ্যাশনের উদ্দেশে কোনো বাস ছাড়েনি। তবে স্ট্যান্ডের সামনে কিছু মাইক্রোবাস ও সিএনজি চলাচল করতে দেখা গেছে। ভোলা থেকে চরফ্যাশনের বাসভাড়া ১২০ থেকে ২০০ টাকা হলেও মাইক্রো ও সিএনজিতে গন্তব্যে যেতে গুনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।


যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, জরুরি কাজে ভোলা থেকে চরফ্যাশন যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছেন অনেকেই। তবে বাস বন্ধ থাকায় মাইক্রোবাস ও সিএনজিতে করে অতিরিক্ত ভাড়ায় চরফ্যাশন যাচ্ছেন তারা। এর মধ্যে কেউ কেউ বাসায় ফিরে গেলেও অনেককেই নিরুপায় হয়ে বাসস্ট্যান্ডে বসে থাকতে দেখা গিয়েছে।


তাছাড়া শুক্রবার ঢাকা থেকে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ভোলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিকে রোগী দেখতে আসেন। ভোলার বিভিন্ন উপজেলা থেকে শত শত রোগী চিকিৎসা নিতে তাদের কাছে আসেন। বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তারাও।


ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জানান, উচ্চ আদলতের রায়ে মহাসড়কে থ্রি হুইলার (তিন চাকার যানবাহন) চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ভোলায় সেটি মানা হচ্ছে না। তাই সমন্বয় পরিষদের সিদ্ধান্তে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছেন তারা।