আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক না থাকলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। সাম্প্রতিক এমন ঘটনা বিব্রত করেছে বিচার বিভাগকে। এজন্য সুসম্পর্ক বজায় রেখে বিচার কার্যক্রম করতে হবে।’

তিনি গতকাল দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন বাস্তবায়ন করেছেন। কভিড-১৯ কালীন অনলাইনের মাধ্যমে প্রায় চার লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। দেশ ডিজিটাল হয়েছে বলেই সংকট মেটানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হিসেবে পরিণত করবেন।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল, আইন সচিব গোলাম সারোয়ার, জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনসহ রাজনৈতিক নেতারা। পরে আইনমন্ত্রী বার সমিতি, জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের হাতে কম্পিউটার তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ দেয়া ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় নাটোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন।