গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে গণ্ডগোল না পাকিয়ে দল গোছানোর পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা হোম মিনিস্ট্রি থেকে হেলপ করব। আপনারা নতুন মুখ নিয়ে, নতুন অঙ্গীকার নিয়ে দল গোছান। আপনাদের দলকে কেউ তো নিষিদ্ধ করেনি। অনুরোধ করছি, প্ররোচনায় আসবেন না। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করবেন না।’

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন। 

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সে দলে প্রচুর ভালো ভালো নেতা আছে, আমি এখনই নাম বলতে পারি। বাঙালি উঁচু শ্রেণী মুসলিম লীগে ছিল, আর মধ্যবিত্তের দল ছিল আওয়ামী লীগ। এত বড় মানুষের দল, যিনি এ দেশ স্বাধীন করেছিলেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারো সন্দেহ থাকার কথা না। উনি (শেখ মুজিবুর রহমান) স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, উনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সে দল এ রকমভাবে ভেঙে পড়ে যাবে!’

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) এখন লুকিয়ে বেড়াচ্ছেন। আপনি আসেন, এটা আপনার দেশ। আসেন না কেন? কে আটকাচ্ছে আপনাকে? নাগরিকত্ব তো কারো যায়নি। আপনি ২১ বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ তো যেতে বলেনি।’