প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক যৌথভাবে ‘মেটা ট্রেইনিং সেশন’ ২০২৬ আয়োজন করেছে। আজ শনিবার রাজধানীর অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) কনফারেন্স হলে এ সেশনের আয়োজন করা হয় । পিআর ও কমিউনিকেশন্স প্রফেশনালসদের মেটা প্লাটফর্ম ব্যাবহারের মাধ্যমে জনসংযোগ ক্যাম্পেইনে কার্যকরি দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ সেশনে পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ (তুহিন), সাধারণ সম্পাদক আবু সাদাত, সহসভাপতি মুহাম্মদ ইমতিয়াজ ও উপদেষ্টা বেলাল আহমেদসহ সংগঠনটির সদস্য ও উপদেষ্টারা ছিলেন। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বিইউএফটি, আইইউবিএটি, এইউএসটি, আইএসইউ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।

কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের পার্টনার ডিরেক্টর (অ্যাডটেক) এবং মেটার সাবেক ক্লায়েন্ট পার্টনার লিড তিথি চৌধুরী এ সেশনে প্রধান রিসোর্স পার্সন ছিলেন। প্রশিক্ষণে বাংলাদেশে মেটার ইউজার্স ল্যান্ডস্কেপ, অ্যাড পেমেন্ট সলিউশিন, ক্রেডিট সুবিধা, কমিউনিটি বিল্ডিং, ক্যাম্পেইন অপ্টিমাইজেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের সনদপত্র দেয়া হয়। পুপরোয়ার পক্ষ থেকে তিথি চৌধুরী, মেহেদী হাসান ইমন ও মাহফুজ আহমেদকে সম্মাননা স্মারক দেয়া হয়।

পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ আধুনিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগের ক্ষেত্রে ডিজিটাল দক্ষতার গুরুত্বের ওপর জোর দেন এবং এ পেশাদার উন্নয়নমূলক উদ্যোগে অংশ নেয়ার জন্য কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেককে ধন্যবাদ জানান।