লক্ষ্মীপুরের রায়পুর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন আনসার সদস্যরা। এছাড়া মোটরসাইকেল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রায়পুর বাস টার্মিনাল এলাকা থেকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন ও জেলার মনিটরিং অফিসার শওকত হোসেনসহ অন্য সদস্যরা এগুলো উদ্ধার করেন। উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তারা।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি শটগান, দুটি একনলা বন্দুক, একটি চায়নিজ রাইফেলসহ ৮১ রাউন্ড গুলি। এছাড়া আগুনে পোড়া একটি মোটরসাইকেল ও দুটি ল্যাপটপ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এদিকে রামগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দেয়া হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল ও প্রায় ২০০ রাউন্ড গুলি।

রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেন বলেন, ‘লুট হওয়া একটি শটগান, একটি চায়নিজ রাইফেল, দুটি একনলা বন্দুক, দুটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেলসহ ৮১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘গত শুক্রবার সকালে থানার পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার একটি অস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনো থানার দায়িত্ব নেয়নি। আনসার ভিডিপি সদস্যরা থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। লুট হওয়া অস্ত্রগুলো ফিরিয়ে দিতে উপজেলায় প্রচারণা চালানো হচ্ছে। কেউ কেউ নিজ দায়িত্বে অস্ত্র ফিরিয়ে দিচ্ছেন।’