কক্সবাজার সমুদ্র সৈকতে চাঞ্চল্যকর খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডের পাঁচদিন পর জড়িত তিন আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশের একটি দল মৌলভীবাজার থেকে এই তিনজনকে গ্রেফতার করে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ঋতু আক্তার (৩০), শেখ শাহরিয়ার ওরফে পাপ্পু (২৭) ও গোলাম রসূল (২৫)।
পুলিশ জানায়, টিপু হত্যাকাণ্ডের পর ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বিশেষ করে টিপুর সঙ্গে থাকা নারীর পরিচয় নিয়ে সংশয় ছিল। তবে ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ব্যবহৃত হয় হোটেলে পাওয়া একটি লাগেজ ট্যাগ।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পেয়ার আহমেদের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের জিরি থানার কাপনা পাহাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. রহমত উল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, আটক তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে ওই নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। আর ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এছাড়া আটক অপর দুইজন হত্যাকান্ডের মিশনে সরাসরি অংশগ্রহণ করেছে।পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের মৌলভীবাজার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে। হত্যাকারীরা ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসে করে কক্সবাজারে এসেছিলেন। প্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতারকৃতদের মৌলভীবাজার থেকে কক্সবাজারে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার পেছনের পুরো পরিকল্পনা ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।










