আগামী ১ জানুয়ারি দেশব্যাপী বই উৎসব। নতুন বছরের প্রথম দিন বই উৎসবের জন্য খুলনা বিভাগের ১০ জেলায় প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে। মাধ্যমিকে চাহিদার ১০ শতাংশ বই এখনো পৌঁছেনি।

সংশ্লিষ্টরা জানান, এ বছর খুলনা বিভাগে প্রাথমিকে মোট বইয়ের চাহিদা ৭৯ লাখ ৩০ হাজার এবং মাধ্যমিকে ২ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৭০৬টি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মো. মোসলেম উদ্দিন বলেন, ‘খুলনা বিভাগে প্রাথমিক স্তরের শতভাগ বই আমরা পেয়ে গেছি। সব বই স্কুলে স্কুলে পাঠিয়ে দেয়া হয়েছে। এ বছর বই পরিবহনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

মাধ্যমিকের বাকি থাকা ১০ শতাংশ বইও নির্ধারিত সময়ের আগেই পৌঁছানোর আশা জেলা শিক্ষা অফিসের। সে লক্ষ্য সামনে রেখেই ১ জানুয়ারি বই উৎসবের প্রস্তুতি রয়েছে তাদের।

খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজ বলেন, ‘আমরা প্রতি বছরের মতো এ বছরও প্রতিটি স্কুলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করব। নবম শ্রেণীর কিছু বই সরবরাহ বাকি রয়েছে। এগুলোও দ্রুত চলে আসবে।’