মূল প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনো শুরু হয়নি খুলনায় আধুনিক কসাইখানা নির্মাণ প্রকল্পের কোনো কাজ। প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)’ শীর্ষক একটি প্রকল্প ২০১৮ সালের ৭ নভেম্বর একনেকে পাস হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের আওতায় দেশের ঢাকা, খুলনা ও চট্টগ্রামে আধুনিক কসাইখানা নির্মাণের সিদ্ধান্ত হয়।

এরপর অন্য সিটি করপোরেশন এলাকায় এর অধীনে এরই মধ্যে আধুনিক কসাইখানা ও দুগ্ধ উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন হলেও খুলনার রাজবাঁধ এলাকায় প্রায় ৮৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণের কাজই এখনো হয়নি।

গত বছর অক্টোবরে খুলনা সিটি করপোরেশন যখন প্রাণিসম্পদ অধিদপ্তরকে ১০০ একর জায়গা বুঝিয়ে দেয় তখন অবশ্য প্রকল্পসংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হবে কাজ। কিন্তু তার পরও ১০ মাস পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি কাজ। প্রকল্পের অগ্রগতি নেই কেন জানতে চাইলে প্রাণিসম্পদ দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান বলেন, ‘প্রকল্পের কাজের এখনো তেমন অগ্রগতি হয়নি। মেগা প্রকল্প ধাপে ধাপে হয়। তাছাড়া এ ধরনের প্রকল্পে অনেক নিয়ম-কানুন আছে। সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ইস্যুও থাকে।’

প্রকল্পের উপপরিচালক পার্থ প্রদীপ সরকার বলেন, ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) মূল প্রকল্পটি ২০১৮ সাল থেকেই শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের  ডিসেম্বরে।’

প্রকল্প বাস্তবায়নে বিলম্বিত বিষয়ে তিনি জানান, এসব প্রকল্পে অর্থনৈতিক ও পরিবেশগত ইস্যু দেখতে হয়। বিভিন্ন দপ্তরের অনুমোদন লাগে। এছাড়া করোনার কারণে বিশ্বব্যাংক কাজ করতে পারেনি। এসব কারণে মূলত প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয়েছে।